জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি নিয়ে ধূম্রজাল

বিন্দু তালুকদার
জেলার জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে বলে আলোচনা সমালোচনা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নানা রকম মন্তব্য শুরু হয়েছে। জামালগঞ্জের ছাত্রলীগ নেতাকর্মীদের দাবি নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
তবে জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী জানিয়েছেন জামালগঞ্জে ছাত্রলীগের কোন কমিটি নেই। এদিকে গত ২ ফেব্রুয়ারি নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে বলে দাবি করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দাবিদার আলমগীর কবীর এবং আরিফ আলম লিমন।
সারা দেশের ন্যায় জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের আয়োজনে শুক্রবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন পালন করা হয়েছে বলে জানিয়েছেন নতুন কমিটির উপ দপ্তর সম্পাদক তামীম রহমান চৌধুরী।
বিকাল ৩ টা ৩৫ মিনিটে এই প্রতিবেদকের ম্যাসেঞ্জারের মাধ্যমে তামীম রহমান   
চৌধুরী জানিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সাচনাবাজার আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীর কবির, সাধারণ সম্পাদক আরিফ আলম লিমন, সহ সভাপতি সিরাজ মিয়া, সহ সভাপতি রেজাউল করিম (বাবু) যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন, নাফি, পাপ্পু আচার্য্য, সজল হাসান, সাংগঠনিক সম্পাদক মাহবুব এলাহি, শফিউল আমিন (লিমন), শ্যামল হুসাইন (শিমু), মেহেদি হাসান হিরা, ইব্রাইীম, ফাহিম, যুব ও ক্রীয়া সম্পাদক আরফিন খলিল, প্রচার সম্পাদক সাদ্দাম হুসেন, উপ দপ্তর সম্পাদক তামীম রহমান চৌধুরী, সহ সম্পাদক আরফিন রকি, সাংস্কৃতিক সম্পাদক জসিম আহমেদ, এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা আনোয়ার, অমিত, সুজন, কামাল।
উপজেলা ছাত্রলীগের সভাপতি দাবিদার আলমগীর করীর দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন,‘গত ফেব্রুয়ারি মাসের ২ তারিখ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ৬১ সদস্য বিশিষ্ট জামালগঞ্জ উপজেলা কমিটির অনুমোদন দিয়েছেন। এখন সাধারণ সম্পাদক নিজের স্বাক্ষর দেয়ার বিষয়টি যদি অস্বীকার করেন তাহলে কি করা যাবে। তবে আমাদের কমিটির অনুমোদন দিয়েছেন তিনি। আমাদের কাছে অনুমোদনের কাগজ আছে।’
নতুন কমিটির একটি কপি প্রদানের জন্য বলা হলে তিনি বলেন,‘ কমিটির কাগজটি আমরা ভুল করে ঢাকায় রেখে এসেছি। কমিটি গঠনের বিষয়টি এমপি মোয়াজ্জেম হোসেন রতন জানেন। প্রয়োজনে আপনি এমপি সাহেবকে জিজ্ঞেস করে দেখতে পারেন।’
জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী বলেন,‘ আমি দৃঢ়কণ্ঠে বলছি জামালগঞ্জে ছাত্রলীগের কোন কমিটি অনুমোদন দেয়া হয়নি। নতুন কমিটি গঠনের দাবি মিথ্যা ও হাস্যকর। এই কমিটির বিষয়ে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন। সবাইকে বলেছি নতুন কমিটির অনুমোদন দেয়া হয়নি। আমি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম। আমি জানি না কমিটি গঠনের খবর, কোন কমিটি অনুমোদনে আমি স্বাক্ষর করিনি।’ জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটির বিষয়ে জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি ফজলে রাব্বী স্মরণ কোন মন্তব্য করতে রাজী হননি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী বলেন,‘ জামালগঞ্জে উপজেলা ছাত্রলীগের নতুন কোন কমিটি গঠন করা হয়েছে বলে আমাদের জানা নেই। আমরা নতুন কমিটি গঠনের বিষয়ে কিছুই জানি না। ’