জামালগঞ্জ যুবলীগের কমিটি গঠন পদ বঞ্চিতরা ক্ষুব্ধ_আজ প্রতিবাদ সভা

হাবিবুর রহমান, জামালগঞ্জ
নবগঠিত জামালগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে উপজেলার ত্যাগী ও পদ বঞ্চিত যুবলীগ নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। কমিটি গঠনের একদিনের মাথায় যুবলীগের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে একতরফা কমিটি গঠন করা হয়েছে বলে তীব্র নিন্দা জানিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভার ডাক দিয়েছে যুবলীগের নেতাকর্মীরা।
আজকের বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভাকে সফল করার লক্ষে গতকাল বুধবার সকালে জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের হল রুমে প্রস্তুতি সভা করেছে পদ বঞ্চিত যুবলীগের নেতাকর্মীরা। এদিকে উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ক্ষোভ প্রকাশ ও সমালোচনার ঝড় বইছে।
উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জিয়াউর রহমানের সভাপতিত্বে ও যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুকবুল হোসেনের সঞ্চালনায় বৃহস্পতিবারের অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বর্তমান উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আবু তাহের তালুকদার, উপজেলা যুবলীগের সাবেক সদস্য কাশেম আখঞ্জি, সজীব বণিক, ইউপি সদস্য গোলাম হেসেন, শিরিন তালুকদার, নূরুল আমিন, ফারুক আহমেদ, রিয়াজ উদ্দিন, মহিদুল  আলম, গোলাম হায়দার প্রমুখ।
উপজেলা যুবলীগের একাধিক ত্যাগী নেতাকর্মী জানান, কয়েকজন নেতাকর্মী ছাড়া বেশীরভাগই অযোগ্য। আমরা যারা দীর্ঘদিন যাবত এই প্রাণের সংগঠনের জন্য অনেক ত্যাগ ও আন্দোলন সংগ্রাম করে আসছি তাদেরকে যথাযথ মূল্যায়ন না করে অযোগ্য কিছু লোকের হাতে যুবলীগের নেতৃত্ব প্রদান করা হয়েছে। এমনকি যুবলীগের সাথে যাদের কোন রকম পরিচিতি নেই ও একেবারে অপরিচিত কিছু মুখ এসে নতুন কমিটিতে পদ দখল করেছে। আহবায়ক কমিটিতে যোগ্যতার কোন মূল্যায়ন করা হয়নি বলে তারা নতুন কমিটিকে অযোগ্য বির্তকিত বলে নিন্দা জ্ঞাপন করে আজ বৃহস্পতিবার প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করবেন বলে জানিয়েছে।
উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য দিলোয়ার হোসেন দিলু ও নূরুল আমিন বলেন,‘স্বজনপ্রীতির মাধ্যমে এক তরফা কমিটি গঠন করা হয়েছে। যুবলীগের প্রকৃত নেতাকর্মী ও ত্যাগীদের কমিটি রাখা হয়নি। যারা কোন দিনই ছাত্রলীগ বা যুবলীগের রাজনীতি করেনি তাদেরকে আহবায়ক কমিটিতে রাখা হয়েছে। নেতাদের দোকান কর্মচারী ও রাজমিস্ত্রিকে কমিটিতে রাখা হয়েছে। তাই প্রকৃত যুবলীগের নেতাকর্মীরা চরমভাবে ক্ষুব্ধ হয়েছেন।’  
সাবেক উপজেলা যুবলীগ নেতা কাশেম আখঞ্জি তার ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছে লিখেছেন, জামালগঞ্জের যুবলীগের কমিটিতে তেলবাজি, আত্মীয়তা, গ্রুপিং ও স্বজনপ্রীতির কাছে চারদলীয় জোটের দুঃশাসনে ও ১/১১ মামলা হামলায় জড়িত সাবেক ছাত্রনেতা ও যুবলীগের অনেক ত্যাগী নেতারা পরাজিত। যদিও নেতারা বলেছিলেন কোন গ্রুপিং রাখব না, ত্যাগীদেরকে মূল্যায়ন করা হবে। তাদের কথার কাজের মিল পাইলাম না। সদ্য বিএনপি থেকে আসা এবং আওয়ামী লীগের মূলদলের কমিটিতে থাকা অনেকেই তেলমালিশ করে আত্মীয়তার সুবাধে ও গ্রুপিং এর কারণে যুবলীগের কমিটিতে স্থান পেয়েছে।
উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য তোফাজ্জল হোসেনও নিজের ফেইসবুক ফেইজে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে লিখেছেন ‘আজ বুজলাম তেল দিলে কি না হয়’।
যুবলীগ নেতা দিলোয়ার হোসেন তার ফেসবুকে পেইজে লিখেছেন, এই কমিটির অনেক আছে যাদেরকে কোন দিন মিছিলে দেখি নি। আজ তারা যুবলীগ, জেলা কমিটি বলেছে ত্যাগি নেতাদের মূল্যায়ন করা হবে, হয়েছে, পুরাটা হয়েছে, হিলে পাটা ঘষা ঘষি মরিচের কাম শেষ, দোয়া করি যাতে সুন্দরভাবে সব ইউনিয়ন কমিটি করতে পারে।’
এ ব্যাপারে জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও জামালগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক সবুজ কান্তি দাস বলেন,‘স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিমের সাথে সমন্বয় করে এবং তাদের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়েছে। সল্প সময়ের আহবায়ক কমিটিতে সবাইকে রাখা সম্ভব হয়নি। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় যুবলীগের ত্যাগী নেতাকর্মীদের অবশ্যই সঠিকভাবে মূল্যায়ন করা হবে।’