জগন্নাথপুর অফিস
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী ১০ টাকা কেজিতে চাল বিক্রয় খাদ্য বান্ধব কর্মসূচিতে জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নে এক ডিলারের বিরুদ্ধে ওজনে কম দেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সরেজমিন পরির্দশনে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ এর সত্যতা পেয়ে ডিলারকে সর্তক করেছেন।
জানা গেছে, সারা দেশের ন্যায় জগন্নাথপুর উপজেলার আটটি ইউনিয়নের প্রায় ১০ হাজার হতদরিদ্র মানুষদের ১০ টাকা কেজিতে চাল ক্রয়ের সুবিধা দেয়া শুরু হয়। যার প্রেক্ষিতে পাটলী ইউনিয়নে ১০০০ জন হত দরিদ্র সুবিধার জন্য মনোনীত হন। এ ইউনিয়নে দু’জন ডিলার নিযুক্ত করা হয়। ডিলাররা হলেন, আহার চৌধুরী ও আশিক মিয়া। ওই ডিলাররা হতদরিদ্র কার্ডধারী মানুষদেরকে প্রতি মাসে ৩০ কেজি চাল দেয়ার কথা। কিন্তু ডিলাররা হতদরিদ্র কার্ডধারীদেরকে ওজনে কম দিচ্ছে।
অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ সরেজমিনে পরির্দশন করে ডিলার আহার চৌধুরীর দোকানে গিয়ে হতদরিদ্র কয়েকজনকে ওজনে কম দেয়ার সত্যতা পান। এসময় ডিলার দুঃখ প্রকাশ করে বলেন, অতিরিক্ত মানুষের চাপে কয়েকজন হয়তো ওজনে সামান্য চাল কম পেয়েছেন যা অনিচ্ছাকৃত ভুল।
জগন্নাথপুর উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা শাহিনুর রেজা বলেন, ওজনে কম দেয়ার অভিযোগে পাটলীতে এক ডিলারকে সর্তক করা হয়েছে। তিনি জানান, জগন্নাথপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে নজরদারি অব্যাহত রয়েছে। কোন অবস্থাতে হত দরিদ্র মানুষের চাল বিতরণে অনিয়ম মেনে নেয়া হবে না।
- জামালগঞ্জ যুবলীগের কমিটি গঠন পদ বঞ্চিতরা ক্ষুব্ধ_আজ প্রতিবাদ সভা
- ১০ টাকা কেজি চাল বিতরণে অনিয়ম_ছাতকে অনিয়মের তদন্ত শুরু


