জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়কের উজ্জ্বলপুর ব্রিজ ভাঙ্গায় দুর্ভোগ

আকবর হোসেন, জামালগঞ্জ
জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়কের উজ্জ্বলপুর ব্রিজের দুই পাশের অধিকাংশ জায়গা ভাঙ্গা থাকার কারণে জামালগঞ্জ, ধর্মপাশা,মধ্যনগর, দিরাই উপজেলার একাংশের মানুষের যাতায়াতে ভোগান্তি হচ্ছে।
ব্রিজের উত্তর দিকের সড়কের একপাশে ভাঙ্গা থাকায় যানবাহনগুলো উঠা নামা করতে ভোগান্তির শিকার হচ্ছে। জামালগঞ্জসহ আশপাশের কয়েকটি উপজেলার মানুষের জামালগঞ্জ সদর থেকে সুনামগঞ্জের প্রথম যোগাযোগেরও একমাত্র সড়কও এটি।
গেল বন্যায় সড়ক ও ব্রীজটির ক্ষতি হওয়ায় এলাকাবাসী কিছুদিন নিজ উদ্যোগে চাটাই দিয়ে ব্রিজের মাটি আটকানোর ব্যবস্থা নিয়েছিলেন। কিন্তু যতই দিন     
যাচ্ছে ভাঙ্গাটি ততই বড় হচ্ছে। গেল বন্যার পর পরই উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলী সহ স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিন পরিদর্শন করেছিলেন।
অবশ্য এলাকাবাসীর দাবী ছিলো দ্রুত উজ্জ্বল পুরের ব্রিজটি মেরামতের। সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায় ব্রিজের মাঝখানসহ পুরো ব্রিজেই ঢালাই উঠে গেছে। ব্রিজের দুই পাশের মাটি নেই, রাস্তা দেবে গেছে, ভেঙ্গে গেছে কয়েকটি অংশ।
বাধবাজার নোয়াগাঁও সড়কের অটোবাইক চালক আমির হোসেন বলেন,‘ ব্রিজটা ভাঙ্গছে কয়েক মাস অইয়া গেল। অখন কেউ ঠিক করে দেয়না, খালি হুনি কাম অইবো কয়েক দিনের মাঝে। আমরার কষ্ট অয় এখান দি গাড়ী চালাইতে।
সিএনজি চালক ইসমাইল মিয়া বলেন,‘আমরা প্রতিদিন সুনামগঞ্জ থেকে জামালগঞ্জ আসি, ব্রীজটির কাছে এসে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়, সন্ধ্যার পর তো আরো বেশী সমস্যা, প্রায় প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে।
ভীমখালী ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল মিয়া বলেন,‘ আমার বাড়ির কাছাকাছিই এই ব্রীজটি, ব্রীজটি ভাঙ্গার পর এলাকাবাসীসহ গাড়ী চালকদের ভোগান্তি হচ্ছে।
এলজিইডির উপজেলা প্রকৌশলী আব্দুস সাত্তার বলেন,‘উজ্জ্বলপুর সড়কে মাটির কাজ শুরু হয়ে গেছে। আপাতত যান চলাচলের উপযোগী করা হচ্ছে।