বিন্দু তালুকদার
উদ্বোধনের দেড় বছর পার হয়ে দুই বছর যেতে না যেতেই জেলা কারাগারের ছাদ দিয়ে পানি পরা, হাজতিদের থাকার ভবনসহ বিভিন্ন ভবনের মেঝে দেবে যাওয়াসহ নানা সমস্যা দেখা দিয়েছে। একই সাথে জেলা কারাগারের সকল ভবনের রং উঠে গিয়ে মাত্র দেড় বছরের মাথায় বিবর্ণ হয়ে পড়েছে।
জানা যায়, ২০১৫ সালের জানুয়ারি মাসে সুনামগঞ্জ জেলা কারাগার শহর থেকে শহরতলির বারঘর এলাকার নতুন ভবনে স্থানান্তর করা হয়। কিন্তু উদ্বোধনের দুই বছর যেতে না যেতেই নতুন ভবনের নানা ত্রুটি ফুটে উঠছে। বিভিন্ন ভবনের ছাদ দিয়ে পানি পড়ছে। দেবে যাচ্ছে অনেক ভবনের মেঝে এবং ভবনের রং উঠে যাচ্ছে।
জেলা কারাগার কর্তৃপক্ষ বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জেলা গণপূর্ত বিভাগকে চিঠি দিয়ে সমস্যাগুলো অবগত করছেন। জেলা গণপূর্ত বিভাগের উদ্যোগে মাঝে মধ্যে কিছু মেরামত করলেও স্থায়ী সমাধান হচ্ছে না।
এছাড়া কারাগার উদ্বোধনের প্রায় দুই বছর হয়ে গেলেও কিশোর বন্দীদের রাখার জন্য একতলা সেই ভবনের কাজ এখনও শেষ হয়নি। ইতোমধ্যে ওই ভবনের ছাদ দিয়ে পানি পড়া শুরু হয়েছে। কবে এটি ব্যবহার উপযোগী করা হবে বা হস্তান্তর করা হবে তা জানেন না জেলা কারাগার কর্তৃপক্ষ। নানা সমস্যার মাঝে কারাগার কর্তৃপক্ষ ব্যবহার অনুপযোগী ভবন ব্যবহার করছেন। একই সাথে হাজতিদের রাখার দুইটি ভবনের মেঝে দেবে গেছে। এসব দেবে যাওয়া ভবনের মেঝেতেই দিন কাটাচ্ছেন শত শত হাজতি। 
কারাগারের জেলার আবু নূর মো. রেজা বলেন, ‘কারাগারের ভবন নির্মাণ কাজে ব্যাপক ত্রুটি হয়েছে। দেড় বছর যেতে না যেতেই বিভিন্ন ভবনের ছাদ দিয়ে পানি পরে। হাজতি ভবনের মেঝে দেবে গেছে। দেবে যাওয়া মেঝেতেই হাজতিরা থাকছেন। অনেক ভবনের বাথরুমের পানি চুঁইয়ে নিচে পড়ে। দেয়ালের বিভিন্ন জায়গায় ছোট ছোট ফাটল দেখা দিয়েছে। সব ভবনের রং উঠে গিয়ে বিবর্ণ হয়েছে। কিশোর হাজতী রাখার ভবনের কাজ এখনও শেষ হয়নি। এরমধ্যে এই ভবনের ছাদ দিয়ে পানি পড়া শুরু করেছে। সব মিলিয়ে কারাগার ভবনের কাজ ভাল হয়নি।’
কারাগারের সুপার আজিজুল ইসলাম বলেন,‘আমার বাসার ছাদ দিয়ে পানি পরে। পরে আবার জলছাদ দিয়ে (প্যাডেস্টেল) করে ঠিক করে দেয়া হয়েছে। হাজতিরা দেবে যাওয়া ভবনেই থাকছেন। সব মিলিয়ে এই ভবনগুলোর কাজের মান নিয়ে প্রশ্ন রয়েছে। কাজ সঠিকভাবে হয় নি। আমরা কর্তৃপক্ষকে বললে সাময়িক সমাধান করা হয়। রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষের দাবি এই ভবন নির্মাণের কাজ মাঝ পথে বন্ধ থাকায় এসব সমস্যা দেখা দিয়েছে। আগামী ২০১৮ সাল পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ রয়ে গেছে।’
জেলা কারাগারের ভবন নির্মাণ তদারককারী প্রতিষ্ঠান সুনামগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু জাফর সিদ্দিক বলেন, কিশোর হাজতিদের রাখার ভবনটির নির্মাণ কাজ শেষ। আমরা এই ভবনটি খুব শিঘ্রই হস্তান্তর করব। ছাদের কোথাও একটু ছিদ্র হতে পারে। তা মেরামত করে দেয়া হবে। একটা ভবনের কিছু অংশ দেবে গেছে বলে জানা গেছে। তা আমরা মেরামত করে দেব। যেহেতু প্রায় দুই বছর ধরে লোকজন সেখানে আছে ছোটখাটো কিছু সমস্যা দেখা দিতেই পারে। যেসব সমস্যা দেখা দেয় আমরা সেসব সমস্যার সমাধান করে দিয়ে দেই।’
উল্লেখ, গত ১৯৯৮ সালে শহরতলীর বারঘর এলাকায় সুনামগঞ্জ-সিলেট রাস্তার পশ্চিম পাশে ১০ একর জায়গার উপর আধুনিক জেলা কারাগার নির্মাণের কাজ শুরু হয়। মাঝ পথে একবার কয়েক বছর কাজ বন্ধ থাকে। পরে আবারো ভবন নির্মাণের কাজ শুরু হয়। অবশেষে ২০১৫ সালের ৮ জানুয়ারি নতুন জেলা কারাগারের উদ্বোধন করা হয় এবং পুরাতন কারাগার থেকে সকল বন্দীকে সেখানে স্থানান্তর করা হয়। তবে শুরু থেকেই এর অবকাঠামোতে নানা সমস্যা দেখা দিচ্ছে।
- জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়কের উজ্জ্বলপুর ব্রিজ ভাঙ্গায় দুর্ভোগ
- প্রকাশক দীপন হত্যাকাণ্ডের মিশন প্রধান ছাতকের জঙ্গি শামীম ঢাকায় গ্রেফতার


