আসছে কুরবানির ঈদ। এই ঈদে টাকার লেনদেন বেড়ে যাবে এটা স্বাভাবিক। আর এটাকে টার্গেট করে জাল টাকার চক্রগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে। পশুর হাটকে কেন্দ্র করে তৈরি হয় কোটি কোটি টাকার জাল নোট। ইতোমধ্যে বিভিন্ন তথ্যের ভিত্তিতে অভিযানও শুরু হয়েছে। দুই দিন আগে রাজধানীর পল্টন ও কোতোয়ালি এলাকা থেকে ৫২ লাখ টাকার জাল নোটসহ জালিয়াতি চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ ছাড়াও ২১ জন অজ্ঞান ও মলম পার্টির সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উৎসবকে টার্গেট করে জাল নোটের ছড়াছড়ি নতুন কিছু নয়। ঈদের সময় জাল নোটের কারবারিরা বরাবরই সক্রিয় হয় এবং ধরাও পড়ে। ঈদের সময় এবং এ ছাড়াও মাঝে মাঝেই জালনোট তৈরি ও বিক্রয়ের সঙ্গে জড়িত অপরাধী চক্র ধরা পড়ে। কিন্তু তারপরও এদের দৌরাত্ম্য কমছে না। জানা গেছে অপরাধীরা ধরা পড়লেও আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে যাচ্ছে। ছাড়া পেয়ে তারা আবার কোনো না কোনোভাবে একই অপরাধে জড়িয়ে পড়ছে।
আগামী ১৩ সেপ্টেম্বর ঈদুল আজহা। ক’দিনের মধ্যেই দেশের বিভিন্ন জায়গায় কুরবানির পশুর হাট জমে উঠবে। কোরবানির হাটে নগদ অর্থের প্রচুর লেনদেন হয়। এ ছাড়া ঈদে উপহারসামগ্রীসহ অন্য পোশাক কেনার ধুম পড়বে। পরের মাসেই অনুষ্ঠিত হবে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এই দুই উৎসবে নগদ টাকার লেনদেন বাড়বে কয়েক গুণ। এই ব্যস্ততার সময়ে ক্রেতা-বিক্রেতাদের কারও পক্ষেই একটি একটি করে নোট পরীক্ষা করা সম্ভব হয় না। এ সুযোগটাকেই জাল টাকার কারবারিরা বেছে নেবে এতে আর আশ্চর্য কি! আইনশৃঙ্খলা বাহিনীর কাজ হলো এদের প্রতিহত করা এবং ক্রেতা-বিক্রেতাদেরও দায়িত্ব জাল নোটের ব্যাপারে সজাগ থাকা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত ১৭ আগস্ট পাঠানো চিঠিতে বাংলাদেশ ব্যাংক নোট জালকারী চক্রের অপতৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও কার্যক্রম জোরদারের অনুরোধ জানিয়েছে। পরিস্থিতি বিবেচনা করে যেভাবেই হোক এই চক্রকে প্রতিরোধ করতে হবে এবং ধরা পড়া চক্র যেন আইনের ফাঁকে বেরিয়ে না যেতে পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এর সঙ্গে সঙ্গে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। পশুর হাট এবং মার্কেট শপিং মলে জাল টাকা শনাক্ত করার যন্ত্রের ব্যবহার বাড়াতে হবে। বিভিন্ন ব্যাংকের কর্মীদেরও সতর্ক থাকতে হবে। কারণ ব্যাংকের এটিএম বুথে জাল টাকা পাওয়ার অতীত দৃষ্টান্তও রয়েছে। পাশাপাশি কুরবানির হাটে ক্রেতা-বিক্রেতারা যেন নির্ভয়ে কেনাবেচা করতে পারেন প্রশাসনকে তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

