রোকেস লেইস
যাঁর, মায়া মাখা আলতো অনুভবে
ফোটে ঘাস ফুল
সারাটা উঠান জুড়ে জ্বেলে দিয়ে
তারার পিদিম।
জোনাকির সবুজাভ উচ্ছাস
ভেসে বেড়ায়, বুঝিবা
উড়াউড়ি নক্ষত্র রাজির।
শালিকেরা ত্রস্ত পায়ে সবুজ ঘাসে
খোঁজে বাহারি আহার,
তুলে নেয় হলুদ ঠোটে পতঙ্গ লাগাতার।
কিচিরমিচির তীক্ষè তারস্বরে তোলে বুল জানিয়ে দেয়
আনন্দ,নয়তো আগ্রাসন।
কলমির নরম লকলকে লতানো
বেড়ে উঠা, সাপের আদলে তরতর
আকাশের পানে উঁকি দেয় লাউডগা।
সন্ধ্যার আঁধার আলোয় কর্কশ স্বরে
ভীতিময় আবেশ ছড়িয়ে ডাকে প্যাঁচা।
ঝাঁক বেঁধে সাদা বক সারি সারি ফিরে
নীড় তার রয়েছে যে বিজন বনে, সেই
অশ্বত্থ হিজল কিবা জারুলের
ছায়ামায়া পাতার আড়ালে।
হাঁসের পালক খসে-পড়া, কী নিখুঁত
এঁকে গেছো কথার বুননে।
এতোসব, হৃদয় কুঠরে কতো যে বাঙময়
আলগোছে থরে থরে তুলে
রেখে গেছো প্রগাঢ় প্রাণবন্ত
অনন্ত অনাদি জীবনানন্দ।
২৩১০১৭


