স্টাফ রিপোর্টার
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে নবীন শিক্ষাথীদের বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক মো. মফিজুল হক মোল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (দিবা) মো. কবির খাঁন, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতি) আমিনুল ইসলাম চৌধুরী, সিনিয়র শিক্ষক একেএম আজাদ, ইসমাইল হোসেন,আনোয়ার হোসেন, অভিভাবক মাসুদুর রহমান, রৌশনারা, চম্পা রানী দাস প্রমুখ। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
পীর মিসবাহ বলেন, জেলার ঐতিহ্যবাহী এই সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়। আমি একজন জুবিলীয়ান হিসেবে এই বিদ্যালয়কে নিয়ে গর্ববোধ করি। কারণ এই বিদ্যালয় থেকে লেখা-পড়া করে অনেক গুণীজন বেরিয়েছেন। তাঁরা বাংলাদেশের শীর্ষ পর্যায়ে রয়েছেন। দেশকে উন্নত করতে হলে শিক্ষা একান্ত প্রয়োজন। একজন মানুষের পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে শিক্ষা অন্যতম।


