জেলার অর্থনৈতিক শুমারির চূড়ান্ত রিপোর্ট প্রকাশ এক দশকে ৫০ হাজার ৭২২ অর্থনৈতিক প্রতিষ্ঠানের সৃষ্টি

স্টাফ রিপোর্টার
২০১৩ সালের পরিসংখ্যান অনুযায়ী সুনামগঞ্জ জেলার অর্থনৈতিক শুমারির চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার অর্থনৈতিক শুমারি-২০১৩ এর রিপোর্ট পেশ করেন সিলেট বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্ম পরিচালক এস.এম আনিসুজ্জামান।
প্রকাশনা অনুষ্ঠানে জানানো হয়, গত এক দশকে সুনামগঞ্জ জেলার অর্থনৈতিক প্রতিষ্ঠানের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। ১৯৮৬ সালের শুমারিতে প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০ হাজার ৯০২ টি, ২০০১ ও ২০০৩ সালের প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৭ হাজার ৫৩৯ টি, সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী অর্থনৈতিক সংখ্যা বৃদ্ধি পেয়ে বর্তমানে দাঁড়িয়েছে ৮৮ হাজার ২৬১ টি। গত এক দশকে ৫০ হাজার ৭২২টি অথনৈতিক প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠান প্রধান হিসাবে মহিলাদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি হয়েছে এই        
জেলায়। ২০০১ ও ২০০৩ সালে মোট অর্থনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে মহিলা প্রধান প্রতিষ্ঠানের সংখ্যা ছিল মাত্র ৬৪৭টি। এক দশক পর মহিলা প্রধান প্রতিষ্ঠানের সংখ্যা ৪ হাজার ২৭১ টি বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯১৮টি।
অনুষ্ঠানে আরো জানানো হয়, অর্থনৈতিক খাত সমূহের মধ্যে পাইকারি ও খুচরা ব্যবসায়, মোটরযান ও মোটরসাইকেল এবং রিকশা মেরামত খাতে ৪৪ হাজার ৫১০ টি প্রতিষ্ঠান ও ৭৩ হাজার ৫৯৮ জন জনবল নিয়ে অপ্রতিদ্বন্দ্বিভাবে শীর্ষে রয়েছে। এর পরের স্থানগুলোতে রয়েছে পরিবহন ও মজুদ প্রতিষ্ঠান ১৪ হাজার ৪৭১টি, জনবল ১৯ হাজার ৬৪৬ জন। অন্যান্য সেবা কর্মকান্ড প্রতিষ্ঠান ১৩ হাজার ১৮৯ টি, যার জনবল ৩৪ হাজার ৫২৯ জন, উৎপাদন প্রতিষ্ঠান ৭ হাজার ৩৯৯টি, জনবল ২ হাজার ৯৯৫ জন। আবাসন ও খাদ্য সেবাখাতের প্রতিষ্ঠান ৪ হাজার ৫২৩টি, জনবল ১০ হাজার ৫৯২ জন, শিক্ষাখাতের প্রতিষ্ঠান ৩ হাজার ৪৫০টি, জনবল ১৯ হাজার ৩৮২ জন, জন এবং স্বাস্থ্য ও সামাজিক কর্মকান্ড প্রতিষ্ঠান ৭১৯ টি, জনবল ২১৬৫ জন।
মোট প্রতিষ্ঠানের মধ্যে নিবন্ধিত প্রতিষ্ঠান ১৯ হাজার ৭১০টি, যার গড় হার ২২.৩৩ ভাগ। অনিবন্ধিত প্রতিষ্ঠান ৫০ হাজার ৭৫৭টি, গড় হার ৫৭.৫১ ভাগ, নিবন্ধন প্রযোজ্য নয় এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১৭ হাজার ৭৯৪টি, গড়ে ২০.১৬ ভাগ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র ইন্ডাস্ট্রি এন্ড লেবার উইং এর পরিচালক ঘোষ সুব্রত এর সভাপতিত্বে অর্থনৈতিক শুমারি-২০১৩ এর চূড়ান্ত ফলাফল প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,‘পরিসংখ্যান বিভাগের অর্থনৈতিক শুমারি একটি আন্তর্জাতিক মানের জরিপ। তাই এখন থেকে আমাদের সবাইকে এই পরিসংখ্যানের তথ্য-উপাত্ত ব্যবহার করতে হবে। কারো মনগড়া তথ্য এখন থেকে প্রযোজ্য হবে না।’
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার (পশ্চিম) মো. হাবিবুল্লাহ। ছাতক উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুজ্জামান খানের পরিচালনায় এছাড়া প্রকাশনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপ পরিচালক মো. ইউনুছ আলী, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক, সুনামগঞ্জ সদর উপজেলা পরিসংখ্যান কমকর্তা মো. আবুল কালাম আজাদ, জগন্নাথপুর উপজেলার ভারপ্রাপ্ত পরিসংখ্যান কমকর্তা মো. আব্দুল মতিন প্রমুখ। প্রকাশনা অনুষ্ঠানে জেলা-উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।