স্টাফ রিপোর্টার
গত ১১ মার্চ সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণার পর জেলার চার উপজেলা জামালগঞ্জ, তাহিরপুর, জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংগঠনের প্রেস বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ম. সাইফ উদ্দিন বাবু।
ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রলীগের জেলা ইউনিট, উপজেলা, থানা, হল, কলেজ, পৌরসভা, ইউনিয়ন, স্কুল-মাদ্রাসা ও ওয়ার্ড কমিটির অনুমোদন শুধুমাত্র বাংলাদেশ ছাত্রলীগের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ (সভাপতি/সাধারণ সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়ক) ব্যতীত অন্য কেউ অনুমোদন দিতে পারে না। কোন মন্ত্রী, এমপি বা বিলুপ্ত কমিটির কোন নেতা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়ার এখতিয়ার রাখে না এবং তা গ্রহণযোগ্য নয়। সভাপতি/সাধারণ সম্পাদক যে কোন একজনের অনুমোদিত কমিটিও গ্রহণযোগ্য নয়। এমন কমিটি অনুমোদন দেওয়া হলে বা এমন কমিটির কেউ সভাপতি/সাধারণ সম্পাদক দাবি করলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। তাই ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থি কোন কমিটি বাংলাদেশ ছাত্রলীগ অনুমোদন দিতে পারে না ও তা গ্রহণযোগ্য নয়।
উল্লেখ্য, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হওয়ার পর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বী স্মরণ পেছনের তারিখ দিয়ে এককভাবে কমিটি অনুমোদন দেয়ার বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। অবৈধভাবে কমিটি গঠনের প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মীরা জগন্নাথপুর, জামালগঞ্জ ও তাহিরপুরে বিক্ষোভ সমাবেশ করে। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বী স্মরণের দাবি জেলা কমিটি বিলুপ্ত হওয়ার আগেই এসব কমিটি গঠন করা হয়েছে। তবে এই দাবি মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী।


