স্টাফ রিপোর্টার
দিরাইয়ে ড. জয়া সেন গুপ্তার নির্বাচনী প্রচারণায় ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেনের উপস্থিতিতেই ছাত্রলীগের দুই পক্ষ হট্টগোল করেছে। এসময় হাতাহাতি ও চেয়ার ভাংচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ২ টায় দিরাইয়ে শহরের সেন মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিক ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ক্ষুব্ধ হয়ে বলেছেন, ‘এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ অবশ্য. কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি শান্ত হলে বিপুল সংখ্যক ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা কর্মীদের নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন দিরাই বাজারে ড. জয়া সেন গুপ্তের পক্ষে গণ-সংযোগ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২ টায় দিরাই শহরের সেন মার্কেটের সামনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ নেতৃবৃন্দ গণসংযোগ শুরু করেন। এসময় দিরাই-শাল্লা উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেন গুপ্তাও প্রচারণায় আসলে বিপুল সংখ্যক ছাত্রলীগ নেতা কর্মীর ভীড় হয়। ড. জয়া সেন গুপ্তা এসময় সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখা শুরু করেন। সামনে থাকা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বি স্মরণ ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী’র সমর্থক শাহজুল কাজী’র মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে এক পর্যায়ে দুই পক্ষের অন্যদের মধ্যেও হাতাহাতি ও চেয়ার ছুড়াছুড়ি শুরু হয়। ছাত্রলীগ নেতা-কর্মীদের এমন আচরণ দেখে স্থানীয় নেতা-কর্মীরা বিক্ষুব্ধ হয়ে দুই পক্ষের উপরই চড়াও হয়। পরে উপস্থিত আওয়ামী লীগ নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
পরিস্থিতি শান্ত হলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আয়ুব বখ্ত জগলুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ও ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ বিপুল সংখ্যক ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিরাই বাজারে গণসংযোগ করেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন অবশ্য এমন ঘটনা অস্বীকার করে বলেছেন, ‘সংঘর্ষ কিংবা হাতাহাতির কোন ঘটনা ঘটেনি। ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বৃহস্পতিবার দুপুরে বিপুল সংখ্যক ছাত্রলীগ নেতা কর্মীদের নিয়ে ড. জয়া সেন গুপ্তার পক্ষে গণসংযোগ করেছেন।’
- জেলার চার উপজেলা ছাত্র লীগের কমিটি অবৈধ- সাংগঠনিক ব্যবস্থা নেয়ার ঘোষণা
- শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হতে হবে -নুরুল হুদা মুকুট


