স্টাফ রিপোর্টার
অকাল বন্যা ও পাহাড়ী ঢল থেকে সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা ও নদীর নাব্যতা বাড়ানোর জন্য সুনামগঞ্জের দুটো শুকিয়ে যাওয়া নদী খনন করতে ১৩৩ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। ইতিপূর্বে এই দুটি দরপত্রের একটি (বৌলাই নদীর খনন কাজ) ইজিপিতে ওপেন করার পর অসঙ্গতি থাকায় পুনঃদরপত্র আহ্বান করা হয়েছে। বৌলাই নদীর পুনঃদরপত্রে আগ্রহীরা ২৯ জানুয়ারি পর্যন্ত অংশগ্রহণ করতে পারবে। ৩০ জানুয়ারি এই দরপত্র ওপেনিং হবে।
পাউবো সূত্রে জানা গেছে, জেলার দিরাই ও শাল্লা উপজেলার ছোট-বড় হাওরগুলো অকাল বন্যা থেকে রক্ষার জন্য মরা সুরমা নদী (দিরাইয়ের গছিয়া থেকে ৪০ কিলোমিটার অর্থাৎ কিশোরগঞ্জের ইটনা পর্যন্ত) খননের জন্য ৯৯ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। অনলাইনে এই দরপত্রে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত অংশগ্রহণ করতে পারবে আগ্রহীরা। ১৪ ফেব্রুয়ারি এই দরপত্র ওপেনিং হবে।
তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার উপর দিয়ে প্রবাহমান বৌলাই নদী শুকিয়ে নিজেকে হারাতে বসেছে। এই নদী খননে ৩৪ কোটি টাকার দরপত্র ইতিপূর্বে আহ্বান হয়েছিল। গত ৯ ডিসেম্বর সেটি ওপেনিং করার পর দেখা গেছে দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। যাচাই-বাছাইয়ে দুই প্রতিষ্ঠানের জয়েন্টভেঞ্চার ঢাকার একই ঠিকাদারী প্রতিষ্ঠান হওয়ায় এই দরপত্র বাতিল করে আবার পূনঃদরপত্র আহ্বান করা হয়েছে। নতুন দরপত্রে ২৯ জানুয়ারি পর্যন্ত অংশগ্রহণ করার সুযোগ রয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফছর উদ্দিন বলেন,‘বৌলাই নদীর পূনঃদরপত্র হয়েছে। মরা সুরমা নদীর দরপত্রও আহ্বান করা হয়েছে। অংশগ্রহণের সকল প্রক্রিয়া অনলাইনে দেওয়া রয়েছে। ইজিপিতে থাকা সকল ঠিকাদারের আইডিতে ম্যাসেজ চলে গেছে, আইডি খুলে ম্যাসেজ পড়লেই বিস্তারিত জানা যাবে’।


