বিন্দু তালুকদার
বর্তমান সরকারের আমলে শিক্ষা ব্যবস্থায় প্রসার ঘটাতে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (প্রাইমারী) মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান শুরু হয়েছে। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর পাঠদান চালু করা হয়েছে এসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
সারা দেশের ন্যায় সুনামগঞ্জের ১১ উপজেলার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত) পাঠদান চলছে। প্রতিটি উপজেলায় দুইটি করে বিদ্যালয়ে মাধ্যমিকের পাঠদান চালু করা হলেও শাল্লায় একটি ও ধর্মপাশায় তিন বিদ্যালয়ে মাধ্যমিকের পাঠদান চালু করা হয়েছে। ২৩টি বিদ্যালয়ের মধ্যে একটিতে ৬ষ্ঠ শ্রেণী ও একটি ৭ম শ্রেণী পর্যন্ত পাঠদান চালু করা হয়েছে। অন্য ২১টি বিদ্যালয়েই ৮ম শ্রেণীর পাঠদান হচ্ছে।
ইতোমধ্যে জেলার ১১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নিজ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণীর জেএসসি পরীক্ষা দিয়েছে। বাড়ির কাছে প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত লেখপড়ার সুযোগ পেয়ে খুশি শিক্ষার্থীসহ এলাকার অভিভাবকরা। এতে শিক্ষার হার বাড়বে বলে জানিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় লোকজন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ১৪৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত চালু করা বিদ্যালয়গুলো হলো, সদর উপজেলার মাইজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটিতে ৬ষ্ঠ শ্রেণী চালু করা হয় ২০১৩ সালে, বর্তমানে এই স্কুলে ৮ম শ্রেণী পর্যন্ত চালু রয়েছে। বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটি চালু করা হয় ২০১৪ সালে। এই স্কুলেও ৮ম পর্যন্ত পাঠদান
হচ্ছে। শ্রীপুর সরকার প্রাথমিক বিদ্যালয় (৭ম), এটি চালু করা হয় ২০১৬ সালে।
দোয়ারাবাজার উপজেলার কান্দাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮ম) ও বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮ম)। কান্দাগাঁয়ে ৬ষ্ঠ শ্রেণী চালু করা হয় ২০১৩ সালে ও বক্তারপুরে চালু করা হয় ২০১৪ সালে।
বিশ্বম্ভরপুর উপজেলার ভাদেরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮ম) ও বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮ম)। ভাদেরটেকে ৬ষ্ঠ শ্রেণী চালু হয় ২০১৩ সালে এবং বসন্তপুরে চালু হয় ২০১৪ সালে।
ছাতক উপজেলার ১৫ নং চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮ম) ও বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। চানপুরে ৬ষ্ঠ শ্রেণীর পাঠদান শুর হয় ২০১৪ সালে , বনগাঁওয়ে চালু করা হয় ২০১৩ সালে।
তাহিরপুর উপজেলার সোহালা সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮ম) ও ঘাঘটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮ম)। সোহলায় ৬ষ্ঠ শ্রেণী চালু হয় ২০১৪ সালে ও ঘাঘটিয়া চালু করা হয় ২০১৩ সালে।
জামালগঞ্জ উপজেলার জাল্লাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮ম) ও দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮ম)। জাল্লাবাজে ৬ষ্ঠ শ্রেণীর পাঠদান শুরু করা হয় ২০১৩ সালে ও দুর্লভপুরে চালু হয় ২০১৪ সালে।
ধর্মপাশা উপজেলার গাবী সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮ম), মেউহারী সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮ম) ও চাপাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয় (৬ষ্ঠ)। গাবীতে মাধ্যমিক চালু করা হয় ২০১৩ সালে, মেউহারীতে ২০১৪ সালে ও চাপাইতিতে ৬ষ্ঠ শ্রেণীর পাঠদান শুরু করা হয় ২০১৭ সালে।
শাল্লা উপজেলার রাহুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬ষ্ঠ শ্রেণী চালু করা হয় ২০১৩ সালে, বর্তমানে এই স্কুলে ৮ম শ্রেণী পর্যন্ত পাঠদান চালু রয়েছে। দিরাই উপজেলার লৌলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮ম) ও তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮ম)। লৌলারচরে ৬ষ্ঠ শ্রেণী চালু হয় ২০১৪ সালে, তেতৈয়াতে শুরু হয় এক বছর আগে ২০১৩ সালে।
জগন্নাথপুর উপজেলার অনঙ্গমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮ম) ও বড়ফেচী সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮ম)। অনঙ্গমোহনে ৬ষ্ঠ শ্রেণীর পাঠদান চালু করা হয় ২০১৩ সালে, এক বছর পর বড়ফেচীতে চালু করা হয় ২০১৪ সালে। দু’টি বিদ্যালয়েই বর্তমানে ৮ম শ্রেণীর পাঠদান চলে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮ম) ও সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮ম)। শ্যামনগরে ৬ষ্ঠ শ্রেণী চালু করা হয় ২০১৩ সালে ও সদরপুরে একবছর আগে ২০১৩ সালে ৬ষ্ঠ শ্রেণীর পাঠদান শুরু করা হয়। দু’টি বিদ্যালয়েই চলছে ৮ম শ্রেণীর পাঠদান।
সদর উপজেলার শহরতলীর মাইজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন বলেন,‘প্রাথমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণী পর্যন্ত চালু করায়, ঝরে পড়ার সংখ্যা হ্রাস পাচ্ছে। বাড়ির কাছে একই বিদ্যালয়ে মাধ্যমিক পর্যন্ত পড়ার সুযোগ পাওয়ায় অনেক শিক্ষার্থী এখান থেকেই ৮ম শ্রেণীর জেএসসি পরীক্ষা দিচ্ছে। এর আগে কিছু কিছু ছাত্র মাধ্যমিকে ভর্তি না হয়ে ঝরে পড়ত। ’
তাহিরপুর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার লিটন বলেন,‘হাওর ও দুর্গম এলাকার জন্য বর্তমান সরকারের একটি ভাল উদ্যোগ এটি। পর্যায়ক্রমে সকল প্রাথমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণীর পাঠদানের ব্যবস্থা চালু করলে গ্রামের শিক্ষার্থীরা বাড়িতে থেকে শিক্ষাগ্রহণের সুযোগ পাবে। তবে শুধু পাঠদানের ব্যবস্থা করলেই হবে না। পর্যাপ্ত অবকাঠামো ও প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। তাহলেই লক্ষ্য ও উদ্দেশ্য সফল হবে।’
ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ বলেন,‘সরকারি নির্দেশ ও নিয়ম অনুযায়ী যেসব বিদ্যালয়ে মাধ্যমিকের পাঠদান চালু করা সম্ভব সেগুলোতে উচ্চতর পাঠদান কার্যক্রম চালু করা হয়েছে। বর্তমানে জেলার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত পাঠদান চালু রয়েছে। এতে গ্রামের ছাত্রদের ছেয়ে ছাত্রীদের বেশী উপকার হচ্ছে। জেএসসি পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করছে শিক্ষার্থীরা। ঝরে পড়ার সংখ্যাও হ্রাস পাচ্ছে। কিছু কিছু বিদ্যালয়ে অবকাঠামো ও শিক্ষক সংকট রয়েছে। এসব চাহিদা পূরণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। পর্যায়ক্রমে অবকাঠামো সংকট দূর হবে এবং প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ করা হবে। ’


