সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবার ও শনিবার ছাড়া অন্য কোন দিন রাজপথে সভা-সমাবেশ না করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠনের পুনর্মিলনী অনুষ্ঠানে দলীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন এই ঘোষণা দেন। তাঁর এই ঘোষণাটি বেশ প্রশসিংত হয়েছে এবং সেজন্যই গণমাধ্যমগুলো গুরুত্ব দিয়ে সংবাদটি প্রকাশ করেছে। এর আগে খোলার দিনে রাজধানীতে সরকার দলীয় সংগঠনের বেশ কয়েকটি সভা-সমাবেশের কারণে তীব্র জনভোগান্তি তৈরি হওয়ায় রাজপথে রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ করার পক্ষে তীব্র জনমত গড়ে উঠে। শেষ পর্যন্ত ছাত্র লীগ এমন ঘোষনা দেওয়ায় জনমতকে সম্মান দেখানোর একটি বাস্তবতা দেখা দিয়েছে। আমরা আশা করব আওয়ামী লীগসহ অপরাপর রাজনৈতিক দলগুলো জনস্বার্থে এমন ঘোষণা শীঘ্রই দিবেন।
কোন গণতান্ত্রিক সমাজে সংগঠন করা ও যেকোন দাবি-দাওয়া নিয়ে সভা-সমাবেশ করতে কোন বাধা নেই। বরং গণতান্ত্রিক ব্যবস্থার কার্যকারিতার প্রমাণ মিলে এসব কর্মসূচীর মধ্য দিয়ে। রাজনৈতিক দলগুলো জনস্বার্থে রাজনীতি করে। তেমনি ছাত্ররা শিক্ষার্থীদের স্বার্থে, শ্রমিকরা শ্রমিকের স্বার্থে, কৃষকরা কৃষকদের স্বার্থে. পেশাজীবীরা পেশাজীবীদের স্বার্থে সংগঠন তৈরি ও কর্মসূচী পালন করেন। এই কর্মসূচী পালন করতে যেয়ে যদি জনগণের স্বার্থই নষ্ট হয়ে পড়ে তাহলে সংগঠনগুলোর মৌলিকত্বই বিনষ্ট হয়ে যায়। জনস্বার্থ বিনষ্ট হয় এমন কর্মসূচীর জন্য কোন ঘোষণা দেয়ারই প্রয়োজন পড়ত না যদি সংগঠনগুলো নিজেদের নীতি-আদর্শের প্রতি অনুগত থাকত।
শুধু রাজধানী শহর নয় পুরো দেশই নানাসময়ে এইসব রাজনৈতিক কর্মসূচীর জন্য ভোগান্তির সন্মুখীন হয়। রাজনৈতিক কর্মসূচী ছাড়াও নানা কর্মসূচীতে আশ-পাশের সড়ক বন্ধ করে দেয়া হয় ঘণ্টার পর ঘণ্টা। কোথাও কোন ভিআইপি বক্তৃতা করলে কিংবা আগমন ঘটলে এক দুই কিলোমিটার পর্যন্ত বিভিন্ন সড়কের মুখে যানবাহন আটকে দেয়া হয়। সুনামগঞ্জ শহরে রাজনৈতিক কর্মসূচীর অধিকাংশ পালন করা হয়ে থাকে আলফাত উদ্দিন স্কয়ারে। বড় কর্মসূচী থাকলে কালিবাড়ি পয়েন্ট, চৌমোহনী, থানার পাশ্ববর্তী পয়েন্ট, জুবিলীর সামনে এসব জায়গায় যানবাহন আটকে দেয়া হয়। ফলে অন্য রাস্তাগুলোয় যানজট বেড়ে যায়, শহরে প্রবেশ করতে নাগরিকদের বিড়ম্বনায় পড়তে হয়। তাই শহরের রাজনৈতিক কর্মসূচী পালনের জন্য আলফাত স্কয়ারের বাইরে বিকল্প স্থান চিন্তা করা এখন অপরিহার্য। এছাড়া বিভিন্ন উপলক্ষে মোটরসাইকেল মহড়ায় জনগণকে ভোগান্তিতে পড়তে হয়। রাজনৈতিক দলগুলোকে এসব বিষয়ে ভাবনা চিন্তা করতে হবে।
আরেকটি জিনিস সাধারণ মানুষকে ভীষণভাবে পীড়া দেয়। তাহলো কেন্দ্রীয় কর্মসূচী কিংবা নেতা-নেত্রীদের শুভেচ্ছা জানানোর বাইরে সাধারণ মানুষের সমস্যা নিয়ে এখন সংগঠনগুলোর মাথাব্যথা নেই বললেই চলে। জনস্বার্থ সংরক্ষণকারী ইস্যুতে বড় দলগুলো কোন কর্মসূচী দেয় না বললেই চলে, কিছু ছোট দল মাঝে-মধ্যে কর্মসূচী ঘোষণা করলেও সেখানে জমায়েত থাকে দৃষ্টিকটুরকমভাবে কম। জনগণের প্রশ্ন হলো, জনতার স্বার্থ নিয়ে যারা রাজনীতি ও সংগঠন করেন তারা কেন মানুষের সমস্যা নিয়ে মাঠে নামেন না? এটিকে বিশ্লেষকরা রাজনৈতিক দেওলিয়াত্ব আখ্যা করেন। কিন্তু আসলে যে এর ফলে দলগুলো ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেই আত্মোপলব্ধি আসা উচিৎ বলে আমরা মনে করি।
শুক্র ও শনিবার ছাড়া রাজপথে সভা-সমাবেশ না করার মতো প্রশংসনীয় ঘোষণা দেয়াকে উপলক্ষ করে প্রাসঙ্গিকভাবে আমরা কিছু বিষয়ের অবতারণা করলাম শুধু নিজেদের চিন্তার জায়গাটিকে নাড়া দেয়ার জন্য। কেউ যদি এসব বিষয় নিয়ে একটু ভাবেন তাহলেই স্বার্থকতা আসবে। নতুবা অরণ্যে রোদনের মতোই বাতাসের সীমাহীন রাজ্যে আমাদের আহাজারি হারিয়ে যাবে, যেমন যাচ্ছে মানুষের প্রতিনিয়ত।
- জেলার ২৩ প্রাইমারী স্কুলে মাধ্যমিকের পাঠদান চালু
- শিক্ষাঙ্গনে অনুকূল পরিবেশ বজায় রাখতে ছাত্রলীগের প্রতি প্রধানমন্ত্রীর আহবান

