জেলার ৪ ইউনিটের কমিটি গঠন নিয়ে বেকায়দায় বিএনপি নেতৃত্ব দ্বন্দ্ব সংঘাতের আশঙ্কা

স্টাফ রিপোর্টার
জেলার ১৬ টি সাংগঠনিক ইউনিটের ১২ টিতে পূর্ণাঙ্গ কমিটি হলেও ৪ টি ইউনিট নিয়ে বেকায়দায় জেলা বিএনপি। সমঝোতা না হলে এই ৪ ইউনিট কমিটি গঠন নিয়ে বড় আকারের দ্বন্দ্ব-সংঘাতের আশংকা করছেন দলীয় নেতারাই। শনিবার এই চার ইউনিটের একটিতে (বিশ্বম্ভরপুরে) দু’পক্ষের সংঘর্ষ হয়েছে এবং এ নিয়ে উপজেলা সদরে উত্তেজনা বিরাজ করছে। অবশ্য. সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন,‘৪ ইউনিটেই সমঝোতার ভিত্তিতে কমিটি হবে’।
প্রসঙ্গত. সুনামগঞ্জ জেলা বিএনপি ত্রি-ধারায় বিভক্ত হওয়ায় ২০১৪ সালের ১৬ এপ্রিল জেলা বিএনপি, ১১ উপজেলা, থানা ও পৌর বিএনপির পুরাতন কমিটি বিলুপ্ত করে সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীকে আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনকে প্রথম সদস্য করে ৮৭ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন করে দেন দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
গত আড়াই বছরে জেলার ১৬ টি সাংগঠনিক ইউনিটের ১২ টির পূর্ণাঙ্গ কমিটি এবং ৪ টি’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটি গঠন নিয়ে কোন কোন ইউনিটে মতভিন্নতা এখনো রয়েছে। তবে জেলা বিএনপি জগন্নাথপুর, বিশ্বম্ভপুর, সুনামগঞ্জ সদর ও সুনামগঞ্জ পৌর কমিটি ছাড়া অন্য ইউনিটগুলোয়      সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন।
দলীয় একাধিক নেতার মতে এই চার ইউনিটেই দল দ্বিধাবিভক্ত। সকল কর্মসূচিই এরা আলাদা আলাদাভাবে পালন করে আসছে। কেন্দ্রীয় দায়িত্বশীল নেতারাও এদেরকে একসঙ্গে বসাতে পারেননি। এই অবস্থায় জেলা বিএনপির আহ্বায়ক ও প্রথম সদস্য এই ৪ ইউনিটের কমিটি নিয়ে বেকায়দায় পড়েছেন।
সুনামগঞ্জ পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. শেরেনুর আলী বলেন,‘ জ্যেষ্ঠ নেতারা একসঙ্গে বসে সমঝোতার ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি করলেই দল সুসংঠিত হবে, না হয় শনিবার বিশ্বম্ভরপুরে যা হয়েছে, এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। কেউ যদি মনে করেন দায়িত্বে আছি, ইচ্ছামত করবো, তাহলে বিভক্তি আরো বাড়বে’।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদীর আহমদ বলেন,‘যে ১২ ইউনিটে কমিটি হয়েছে সেগুলো নিয়েই আপত্তি আছে। আগে এসব আপত্তি শেষ হউক। এরপর নতুন কমিটির চিন্তা। বিশ্বম্ভরপুরের সংঘর্ষ তৃণমূলের বিভক্তির আগুনের বহিঃপ্রকাশ’।
কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির প্রথম সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেন,‘বিশ্বম্ভরপুরের ঘটনার পর সকল পক্ষকে বলা হয়েছে কোন কার্যক্রমই হবে না। আগামী ২ সেপ্টেম্বর বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি’র সকলকে নিয়ে বসবেন জেলা আহ্বায়ক। এরপর স্বল্প সময়ের মধ্যে সমঝোতার ভিত্তিতে কমিটি হবে। এই ৪ ইউনিটকেই সমঝোতার ভিত্তিতে কমিটি করার জন্য সময় নির্ধারণ করে দেওয়া হবে। না পারলে জেলা ও কেন্দ্রীয় উদ্যোগ নেওয়া হবে’।