স্টাফ রিপোর্টার
বন্যার শঙ্খার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। ২৩ ও ২৪ জুলাইয়ে তৃতীয় দফায় বন্যা আক্রান্ত হতে পারে এই জেলা। আবহাওয়ার পূর্বাবাসে এমন তথ্যই জানান দেওয়া হচ্ছে। আবহাওয়াবিদরা অবশ্য বলেছেন, বন্যার এই পূর্বাবাস পরিবর্তিতও হতে পারে। তবে এখনো পর্যন্ত ১৯ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত উজানে বৃষ্টি বেশি হবার তথ্যই রয়েছে তাদের কাছে।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী রোববার বিকালে জানিয়েছেন, আগামী ১০ দিনে সুনামগঞ্জের বিশ^ম্ভরপুর, তাহিরপুর ও সুনামগঞ্জ সদর উপজেলায় ৪৫০ মিলিমিটারের মতো বৃষ্টি হতে পারে। জেলার অন্যান্য উপজেলায়ও গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। আশঙ্খার কথা হচ্ছে, সুনামগঞ্জের উজানে পাহাড়ে ১৯ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত প্রতি ২৪ ঘণ্টায় ২০০ থেকে ২৫০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। উজানে এমন ভারী বৃষ্টি হলে সুনামগঞ্জের নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে। অবশ্য বৃষ্টি না হলে এমনটা নাও হতে পারে।
সুনামগঞ্জ পাউবো’র নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান বলেন, আগামী ২৪ ও ২৫ জুলাইয়ে সুনামগঞ্জের পাহাড়ী নদীসহ নদ নদীর পানি বৃদ্ধি পেতে পাারে। নদীর পানি বিপদ সীমা অতিক্রম করতেও পারে। আবহাওয়ার পূর্বাবাসে এমন তথ্যই জানানো হয়েছে আমাদের।
প্রসঙ্গত. সুনামগঞ্জে ভারী বর্ষণ এবং উজানের অর্থাৎ ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাতের কারণে গত ২৮ জুন প্রথম দফা বন্যা হয়। দ্বিতীয় দফায় একই কারণে বন্যা হয় ১০ জুলাই। দুই দফা বন্যায় লাখো পরিবার ক্ষতিগ্রস্ত হন। এবার তৃতীয় দফা বন্যার শঙ্খায় উদ্বিগ্ন জেলার মানুষ।


