জেলা ছাত্রলীগের রাজনীতি-মিছিল সমাবেশেই অবস্থান জানান দিচ্ছে নেতাকর্মীরা

বিন্দু তালুকদার
সব কিছু ঠিকঠাক থাকলে আর মাত্র ৩ দিন পর ১১ মার্চ শনিবার সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু অতীতে কয়েক দফা তারিখ ঘোষণা করেও সম্মেলন না হওয়ায় এবার সম্মেলন হবে কিনা তা নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংশয় ও সন্দেহ রয়েছে।
তবে সম্মেলনকে স্বাগত জানিয়ে নিজেদের অবস্থার জানান দিতে জেলা শহরে মিছিল সমাবেশে করছে জেলা ছাত্রলীগের বিভিন্ন গ্রুপ উপ গ্রুপের নেতাকর্মীরা। গত তিনদিন ধরে মিছিল সমাবেশ অব্যাহত রয়েছে।
জেলা কমিটির দায়িত্বশীল কয়েক নেতা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে জেলা সম্মেলন না হওয়ার সম্ভবনাই বেশী। কারণ সম্মেলন করার কোন প্রস্তুতি নেই জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের। সম্মেলন নিয়ে কোন ধরনের প্রচার-প্রচারণাও নেই। শুধুমাত্র নতুন কমিটির পদ প্রত্যাশী নেতাকর্মীরা শহরে মিছিল সমাবেশ করে নিজেদের অবস্থার জানান দিচ্ছেন। সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকেই কেন্দ্রে জোর লবিংয়ে সক্রিয় রয়েছে তারা। নতুন জেলা কমিটি কেন্দ্র থেকেই ঘোষণা হতে পারে।
আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য সুনামগঞ্জ পৌরসভার মেয়র আযুব বখত জগলুল সমর্থিত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরীর নেতৃত্বাধীন অংশ শনিবার দুপুরে শহরে মিছিল সমাবেশে করেছে। রোববার দুপুরে শহরে মিছিল সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন সমর্থিত জেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক হাবিব আল তপুর নেতৃত্বাধীন নেতাকর্মীরা। এদিকে গতকাল সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান সমর্থিত ছাত্রলীগ নেতা জিসান এনায়েত রেজার নেতৃত্বধীন অংশ শহরে মিছিল সমাবেশ করে। রফিক আহমদ চৌধুরী, হাবিব আল হাসান তপু ও জিসান এনায়েত রেজা তিনজনই জেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি প্রত্যাশী বলে জানা গেছে।  
সম্মেলনকে স্বাগত জানিয়ে গত তিন দিন ধরে শহরে ছাত্রলীগের নেতাকর্মীরা পৃথক গ্রুপে বিভক্ত হয়ে মিছিল সমাবেশ করলেও সম্মেলনের করার কোন প্রস্তুতি দেখা যায় নি। সম্মেলন কোথায়  
 হবে, কখন হবে, কারা অতিথি থাকবেন এনিয়ে কোন ধরনের প্রচার-প্রচারণা নেই জেলার কোথাও। সম্মেলন নিয়ে সোমবার বিকাল পর্যন্ত শহরে একটি পোস্টার বা ব্যানার পর্যন্ত লাগানো হয়নি।
ছাত্রলীগ নেতা জিসান এনায়েত রেজা বলেন,‘জেলা ছাত্রলীগের সম্মেলনকে স্বাগত জানিয়ে আমরা স্বাগত মিছিল সমাবেশ করেছি। আমরা চাই জেলা ছাত্রলীগের সম্মেলন হোক। সম্মেলনের মাধ্যমে ছাত্রলীগের নতুন নেতৃত্ব রেরিয়ে আসুক।’
জেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক হাবিব আল তপু বলেন,‘জেলা-উপজেলাসহ তৃণমূল ছাত্রলীগের নেতাকর্মীরা চায় সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হোক। আমরাও চাই  শান্তিপূর্ণ পরিবেশে সম্মেলন সফল হোক। সম্মেলনকে সামনে রেখে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে আমরা মিছিল সমাবেশ করছি।’
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী বলেন,‘ আগামী ১১ মার্চ শনিবার সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলন করার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি চলছে এবং সম্মেলনের অতিথিদের সাথে আলোচনা হচ্ছে। আমরা ১১ তারিখেই সম্মেলন করব। আমরা শান্তিপূর্ণ পরিবেশে সম্মেলন সফল করতে চাই। ’
কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন গতকাল সোমবার বিকালে বলেন,‘এখন পর্যন্ত ১১ মার্চ সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঠিক আছে। যথাসময়ে সম্মেলন করতে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে বলা হয়েছে। সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক প্রতিনিয়ত কেন্দ্রের সাথে যোগাযোগ রাখছেন। তারা যদি সম্মেলন করতে ব্যর্থ হন, তাহলে নতুন কমিটি ঘোষণা বা পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’
জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসাইন স্বাক্ষরিত এক পত্রে জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ স¤পাদককে ১১ মার্চ জেলা ছাত্রলীগের সম্মেলন করার নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০১১ সালে ফজলে রাব্বী স্মরণকে সভাপতি ও রফিক আহমেদ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট ছাত্রলীগের জেলা কমিটি গঠন করা হয়। পরে ২০১৪ সালে সভাপতি-সাধারণ সম্পাদক ঠিক রেখে ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।