স্টাফ রিপোর্টার
দীর্ঘদিন পর নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগ।
রোববার দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এসআর সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে জেলা ছাত্র লীগের সাবেক সহ সভাপতি আরিফ উল আলমকে। কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে নাজমুল হক কিরণ, দীপঙ্কর কান্তি দে, এনায়েত রেজা জিসান,
সোহেল রানা, মাসকাওয়াত জামান ইন্তি ও আশিকুর রহমান রিপনকে। কমিটির সদস্যরা হলেন- ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ, অভিজিৎ চৌধুরী, আশরাফুল ইসলাম ও ইশতিয়াক আলম পিয়াল। আগামী তিন মাসের জন্য এই কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক।
গত ১১ মার্চ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়।
বিজ্ঞপ্তিতে সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদেরকে ১৫ মার্চের মধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জীবনবৃত্তান্ত জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।
জীবনবৃত্তান্ত সংগ্রহ করতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দারুস সালাম শাকিল, ক্রীড়া সম্পাদক চিন্ময় রায় এবং সহসম্পাদক মো মাসুদ পারভেজ তারেক সুনামগঞ্জেও আসেন। ৭৬ জনের মতো ছাত্রলীগ নেতার জীবনবৃত্তান্ত তারা সংগ্রহ করলেও বিগত প্রায় ৮ মাস ধরে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ ছিল কমিটি বিহীন। রোববার সন্ধ্যায় নতুন কমিটির আহ্বায়ক আরিফ উল আলম’এর সমর্থকরা শহরে একটি মিছিল করেছে।


