জেলা ছাত্র লীগের সম্মেলন ও রাজনৈতিক সংস্কৃতি

জেলা সদরে প্রতিদিনই ছাত্র লীগের নামে একাধিক গ্রুপের মিছিল অনুষ্ঠিত হচ্ছে। মিছিলের নামে মোটর সাইকেল মহড়াও হচ্ছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ১১ মার্চ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া জেলা সম্মেলনকে সামনে রেখে জেলা কমিটির মুখ্য পদগুলোতে পদপ্রত্যাশী নেতাগণ নিজেদের শক্তিমত্তার জানান দিতেই এইসব মিছিলের আয়োজন করছিলেন। কোন সংগঠন বিশেষ করে বড় সংগঠনের ক্ষেত্রে নেতৃত্ব পেতে এমন তৎপরতা স্বাভাবিক। কিন্তু দুর্ভাগ্য হলো গত সপ্তাহখানেক যাবৎ নেতাদের এমন প্রাণান্ত দৃষ্টি আকর্ষণের মহড়ার পরও আজ প্রত্যাশিত সম্মেলনটি হচ্ছে না। জেলা ছাত্র লীগের দায়িত্বশীলরা জানিয়েছেন, হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও দিরাই-শাল্লার উপ নির্বাচনের জন্য আজকের সম্মেলন আয়োজন করা সম্ভব হয় নি। যদিও তাঁরা অতীতে কয়েকবার সময় নির্ধারণ করেও কেন সম্মেলন করতে পারেন নি তার কোন ব্যাখ্যা দেন নি। অবস্থাদৃষ্টে বুঝা যায়, আজকের সম্মেলন আয়োজনের ব্যাপারে সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দের আগ্রহ যথেষ্ট ছিল না। ফলে ছাত্র লীগ করেন এমন বহু নেতা-কর্মী  সম্মেলনকে ঘিরে যে উৎসাহ ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করেছিলেন তার সবই বিফলে গেল। একটি বৃহৎ ছাত্র সংগঠনের এমন সম্মেলন আয়োজনের ব্যর্থতা দুঃখজনক এবং ছাত্র রাজনীতির জন্য এটি অশুভ। এখন শোনা যাচ্ছে সম্মেলন না হওয়ায় কেন্দ্রীয় নেতৃত্ব ঢাকা থেকে জেলা ছাত্র লীগের কমিটি ঘোষণা করবেন। এমন সম্ভাব্যতাকে মাথায় রেখে অবশ্য পদপ্রত্যাশীরা গত কয়েকদিন ধরেই দলে দলে ঢাকায় রওয়ানা হয়ে গেছেন। নিজেদের যেসব কানেকশন রয়েছে সেগুলোর মাধ্যমে তারা কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ তথা প্রত্যাশিত পদ প্রাপ্তির জন্য লবিংয়ে নিজেদের নিয়োজিত করেছেন। ধারণা করা যায় কমিটি ঘোষণা না হওয়া পর্যন্ত এমন লবিং চলতেই থাকবে। তবে শেষ পর্যন্ত জেলা ছাত্র লীগের মূল পদবি অর্থাৎ সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বপ্নের আসন দুইটি কে পাবেন তা নিয়ে চূড়ান্ত কথা বলা না গেলেও বাতাসে বিভিন্ন খবর ভেসে বেড়াচ্ছে। এর মধ্যে সর্বাধিক গ্রহণযোগ্য কথাটি হলো কেন্দ্রীয় ছাত্র লীগ নেতৃত্ব জেলায় মূল সংগঠনের অসংখ্য গ্রুপ-উপগ্রুপ বিবেচনা করে একটি সমঝোতার কমিটি গঠন করে দিতে পারেন। এতে জেলা আওয়ামী লীগের বিভক্ত বলয়ের মাঝে পদগুলো বণ্টন করা হতে পারে। এরকম সমঝোতার কমিটি ছাত্র সংগঠনটির অনৈক্য ও বিভাজনকে দূর করার উদ্দেশ্যে করা হলেও বাস্তবে রাজনীতি সচেতনরা এমন কোন আশা পোষণ করছেন না। তারা বরং এরকম কমিটির ফলে বিভাজন দূর হওয়ার পরিবর্তে আরও জেঁকে বসবে বলে ধারণা করছেন।
আসল কথা হলো মূল সংগঠনে শৃঙ্খলা প্রতিষ্ঠিত না হলে কোন অঙ্গ সংগঠনেই শৃঙ্খলা আনা যাবে না। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে বিশেষ করে ক্ষমতার সাথে সম্পর্কিত দলগুলোর ক্ষেত্রে এটি বিশেষভাবে প্রযোজ্য। মূল দলের নেতৃত্বের মধ্যে যে প্রতিযোগিতা সেটি অঙ্গ সংগঠনগুলোর উপর নানাভাবে প্রভাব বিস্তার করে। মূলত আওয়ামী লীগ বা বিএনপির কোন অঙ্গ সংগঠনই স্বাধীন নয়। অঙ্গ সংগঠনগুলো মূলত মূল সংগঠনের মুখাপেক্ষী থাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। তাই ছাত্র লীগের অনৈক্য দূর করার জন্য আওয়ামী লীগে ঐক্য প্রতিষ্ঠার উপর জোর দিতে কেন্দ্রীয় নেতৃত্বের মনোযোগী হওয়া প্রয়োজন।
দেশের একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনের সম্মেলন নিয়ে চলমান টানাপোড়েন আমাদের রাজনৈতিক সংস্কৃতির যে দুর্বল দিকগুলো সকলের সামনে নিয়ে এসেছে রাজনীতিবিদদের উচিৎ সেইসব দুর্বলতা কাটিয়ে উঠতে সচেষ্ট হওয়া। আওয়ামী লীগকে বুঝতে হবে দেশ এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এমন সময়ে সর্বত্র নিজেদের ঐক্য প্রতিষ্ঠার কোন বিকল্প নেই।