জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ছাতকের অর্ধ-ডজন প্রার্থীর লবিং

ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ছাতকের অর্ধডজনেরও বেশী প্রার্থীর নাম শোনা যাচ্ছে। সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যেই দলীয় পর্যায়ে লবিংসহ ভোটারদের বাড়ি-বাড়ি গিয়ে প্রার্থীতার কথা প্রচার করে সহযোগিতা প্রার্থনা করছেন।
এখন পর্যন্ত যাদের নাম শোনা যাচ্ছে তারা সবাই সরকার দলীয় প্রার্থী। বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলাম ও অন্য কোন দলের প্রার্থীর নাম এখনো শোনা যায়নি। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কেউ প্রার্থীতার কথা ঘোষণা না করলেও নিরবে দলীয় লবিং চালিয়ে যাচ্ছেন।
ছাতকের আওয়ামী রাজনীতি দীর্ঘদিন ধরে দু’টি বলয়ের মধ্যে বিভক্ত রয়েছে। এর মধ্যে একটি বলয়ের নেতৃত্বে রয়েছেন এমপি মুহিবুর রহমান মানিক এবং অপরটির নেতৃত্ব দিচ্ছেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী ও তার ভাই কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আ.লীগ নেতা শামীম আহমদ চৌধুরী।
সম্ভাব্য প্রার্থীরা গ্রুপিং নেতৃত্বের হাত ধরেই প্রার্থী হয়ে নির্বাচনী বৈতরণী পাড়ি দিতে দৌঁড়-ঝাঁপ শুরু করেছেন। আবার অনেকেই শুরু করেছেন নিরব প্রচার-প্রচারণা। এরই মধ্যে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাদের শোনা যাচ্ছে তাদের মধ্যে মেয়র বলয়ের সম্ভাব্য প্রার্থীরা হলেন, উপজেলা আ.লীগের যুগ্ম-আহবায়ক আজমুল হোসেন সজল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি  এপিপি অ্যাড. সায়াদুর রহমান সায়াদ, সাবেক পৌর কাউন্সিলর ও উপজেলা আ.লীগ নেতা ইরাজ মিয়া, যুক্তরাজ্যের বার্মিংহাম যুবলীগ নেতা আলী আহমদ।
এমপি মুহিবুর রহমান মালিক বলয়ের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ছানাউর রহমান ছানা, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এম রশীদ আহমদ ও গয়াছ মিয়ার নাম শোনা যাচ্ছে।
 উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া মুক্তিযোদ্ধা সংসদের দাবীর প্রেক্ষিতে লবিংসহ প্রচার-প্রচারণায় নেমেছেন। এদের মধ্যে দু’একজন ছাড়া সবাই এলাকার খুবই পরিচিত মুখ। রাজনৈতিক ও সামাজিকভাবে ছাতক তথা জেলা ও বিভাগ পর্যায়ে রয়েছে তাদের পরিচিতি। তবে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে এখানে বিএনপির একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে দলীয় দায়িত্বশীল সুত্রে জানা গেছে। এ মুহূর্তে কারো নাম প্রকাশ করা যাচ্ছে না বলে সূত্রটি জানিয়েছে।