জেলা পরিষদ নির্বাচন মুকুটের প্রচারণা শুরু বিশ্বম্ভরপুর থেকে

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও এফবিসিসিআইয়ের পরিচালক নুরুল হুদা মুকুট বলেছেন,‘আমি গত ৩৪ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত আছি। আওয়ামী লীগের রাজনীতি করায় ওয়ান ইলিভেনের সময় টানা দুই বছর সুনামগঞ্জ শহরে আসতে পারি নি। আমার নিজের এলাকায় আমাকে আসতে দেয়া হয়নি। ওই সময় আমাকে ও বিশ্বম্ভরপুরের অনেক নেতাকর্মীকে নানাভাবে নির্যাতন নিপীড়ন ও হয়রানি করা হয়েছে। সে সময় আমাকে দল ও সাধারণ নেতাকর্মীদের কাছ থেকে দূরে রাখা হয়েছে। কিন্তু আমি তৃণমূলের নেতাকর্মীদের সাহস দিয়েছি, প্রেরণা যুগিয়েছি। আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের    সাথে ছিলাম, এখন আছি, আগামীতে থাকব। নেতাকর্মীদের বিপদে-আপদে সব সময় পাশে ছিলাম, এখনও আছি। আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরাও আমার সাথে রয়েছেন।’
তিনি আরো বলেন,‘তৃণমূলের নেতাকর্মীরাই আমাকে জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বলছেন। নেতাকর্মীদের ভালবাসা ও প্রেরণায় আমি নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। জেলা পরিষদ নির্বাচন যেহেতু নির্দলীয় নির্বাচন, তাই আমি আওয়ামী লীগসহ সকলের দোয়া চাই ও সহযোগিতা চাই। নির্বাচনে আমি বিজয়ী হলে জেলার সার্বিক উন্নয়ন নিজেকে আত্মনিয়োগ করতে চাই। ’
বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মতবিনিময়কালে সম্ভাব্য জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে এসব কথা বলেন তিনি। শুক্রবার বিকালে বিশ্বম্ভরপুর উপজেলা অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মাস্টারের সভাপতিত্বে ও জেলা যুবলীগের সদস্য ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিৎ চৌধুরী রাজনের পরিচালনায় মতবিনিময় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতির সভাপতি আকবর হোসেন মঞ্জু, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিক, ধনপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, দক্ষিণ বাদাঘাট ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ. ছাত্তার, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা রওশন আলী ।
মতবিনিময় সভার শুরুতে ধনপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন এবং উপস্থিত আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও তাঁর (বাদাঘাট) ইউনিয়ন পরিষদের সকল সদস্য-সদস্যাকে নূরুল হুদা মুকুটের সাথে পরিচয় করিয়ে দেন। পরে একে একে উপস্থিত সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজের পরিষদের সকল সদস্য-সদস্যাকে নূরুল হুদা মুকুটের সাথে পরিচয় করিয়ে দেন এবং আগামী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নূরুল হুদা মুকুটকে সমর্থন করে তাঁর পাশে থাকার ঘোষণা দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ফতেপুর ইউপি সাবেক চেয়ারম্যান শামছুজ্জামান মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলীপ সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা আওয়ামী লীগ নেতা শংকর চন্দ্র দাস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. আখরুজ্জামান সেলিম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু ও খন্দকার মঞ্জুর আহমেদ, জেলা যুবলীগের সদস্য নূরুল ইসলাম বজলু, অ্যাড. আজাদুল ইসলাম রতন, অ্যাড. কল্লোল তালুকদার চপল, জেলা স্বেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ অপু, সদর উপজেলা যুবলীগের আহবায়ক শাহাব উদ্দিন, যুগ্ম আহবায়ক এহসান আহমদ উজ্জ্বল, বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হক তুহিন, যুগ্ম আহবায়ক আব্দুল খালেদ তালুকদার, বাবলু আহমেদ ও সোহেল আহমদসহ উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা।