ইয়াকুব শাহরিয়ার, পাগলাবাজার
সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ২৮ ডিসেম্বরে অনুষ্ঠিত হবে সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচন। জনপ্রতিনিধিদের ভোটের এ নির্বাচনে ৭নং ওয়ার্ডের সম্ভাব্য ৪জন সদস্য প্রার্থী ঘোরছেন ভোটারদের দ্বারে দ্বারে। আন্তরিকতা গড়ে তুলার পাশাপাশি ভোটও চাইছেন তারা।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা, পশ্চিম পাগলা, জয়কলস, পাথারিয়া ও শিমুলবাঁক ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত ৭নং ওয়ার্ড। মোট ৬৮টি ভোটের জন্য এ ওয়ার্ডে প্রচারণায় রয়েছেন ৪ জন প্রার্থী। তুলনামূলক ভোট কম হলেও এলাকা বড় হওয়ায় দেড় মাসের বেশি সময় থাকা সত্ত্বেও এখনই পুরোদমে মাঠে নেমে কাজ করছেন প্রার্থীরা। জনপ্রতিনিধিদের ভোটে প্রার্থী নির্বাচিত হওয়ার কারণে অন্যান্য নির্বাচনের তুলনায় এ নির্বাচনের হিসাব নিকাশ একটু ভিন্ন। তাই এ ওয়ার্ডের প্রার্থীরা সময় নষ্ট করতে চাইছেন না।
এই ওয়ার্ডে যে চার জন প্রার্থী প্রচারণায় রয়েছেন তারা হলেন, শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ্ মিয়া, পশ্চিম পাগলা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের বিশিষ্ট
ব্যবসায়ী শাহাব উদ্দিন, জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম জহুর ও উজানীগাঁও গ্রামের জাহাঙ্গীর আলম।
এছাড়া ৭ নং ওয়ার্ডে সদস্য পদে উপজেলা যুবলীগের সভাপতি সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাড. বুরহান উদ্দিন দুলনও জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হবেন বলে নানা সূত্রে জানা গেছে।
এ ওয়ার্ডের রাজনীতিকেরা মনে করছেন, মো. আব্দুল্লাহ্ মিয়া ও মো. শাহাব উদ্দিনের মাঝে প্রতিদ্ধন্দ্বিতা হতে পারে। উড়িয়ে দেওয়া যাবে না জহিরুল ইসলাম জহুরের সম্ভাবনাকেও। তবে যেহেতু রাজনীতির মাঠ চলমান সেহেতু সময় গড়ালে অবস্থান উঠানামা করতে পারে। আসতে পারে নতুন মুখ, এখান থেকে বাদ যেতে পারেন কেউ কেউ। অনেকে মনে করেন- টাকার ছড়াছড়ি হতে পারে এ নির্বাচনে। মোটা অঙ্কের টাকা দিয়ে বিজয় ছিনিয়ে নিতে পারেন প্রার্থীরা।
উপজেলা আওয়ামী লীগের প্রচার স¤পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা বলেন,‘এ নির্বাচনে টাকা দিয়ে অনেকে ভোট কেনার চেষ্টা করবে। অযোগ্য ব্যক্তিরাই টাকা দিয়ে জয়ী হওয়ার চেষ্টা করবে। ভোটারদের সচেতন থাকার আহ্বান জানাই।’
ভোটাররা বলছেন ‘যেহেতু এখানে ভোটার এবং প্রার্থীর সংখ্যা কম সেহেতু ভাববার অনেক সময় আছে। টাকায় নয়, সাধারণ মানুষ আমাদেরকে যেভাবে সততা ও যোগ্যতা দেখে ভোট দিয়েছেন আমরাও সেভাবে ভেবে চিন্তে সৎ, যোগ্য ও কর্মট ব্যক্তিকেই ভোটটি দেবো। চেষ্টা করবো মূল্যবান ভোটটি যেনো বিফলে না যায়।’
এ ব্যপারে সদস্যপদ প্রার্থী মো. আব্দুল্লাহ্ মিয়া বলেন, ‘নির্বাচন করার ইচ্ছা আছে, এখনো পুরোপুরি সিদ্ধান্ত নেই নি। পর্যবেক্ষণ করছি। সার্বিক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবো।’
অপর সদস্যপদ প্রার্থী মো. শাহাব উদ্দিন বলেন, ‘আমি মাঠেই আছি। সার্বক্ষণিক সকলের সাথে যোগাযোগ করে যাচ্ছি। ইতোমধ্যে সবাই আমাকে আশ্বস্তও করেছেন। আল্লাহ্ সহায় হলে ফলাফল আমার পক্ষেই আসবে।’ জহিরুল ইসলাম জহুর বলেন,‘এখন থেকেই ভোটারদের সাথে যোগাযোগ করছি। মেম্বার, মহিলা মেম্বার ও চেয়ারম্যানসহ সকলের সাথে যোগাযোগ করছি। ইনশাল্লাহ্ ভাল কিছু হবে।’


