স্টাফ রিপোর্টার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সুনামগঞ্জে এই প্রথম অধিক কর্মসূচি পালিত হয়েছে। জেলা সদরে ১১ টি স্থানে পৃথক কর্মসূচি পালিত হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কর্মসূচীই ছিল ৯টি। জেলা সদরে একই সংগঠনের এত বেশি সংখ্যক কর্মসূচী পালন নিয়ে জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। অনেকেই বলেছেন, সকলে মিলে একসাথে
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানালে বিষয়টি শোভনীয় হতো। তবে আওয়ামী অঙ্গ সংগঠনের মতানৈক্যের কারণে এই বছর এত বেশী সংখ্যক কর্মসূচি পালিত হয়েছে বলে জানা গেছে।
নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে একাধিব আওয়ামী লীগ নেতা বলেন,‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা অবশ্যই আমাদের গুরু দায়িত্ব ও কর্তব্য। কিন্তু আমাদের মাঝে বিভক্তি থাকায় আমরা ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি পালন করতে পারিনি। তাই নেতারা যার যেভাবে মনে হয়েছে সেভাবেই কর্মসূচি দিয়েছেন। আর সেভাবে পৃথক পৃথকভাবে কর্মসূচি পালিত হয়েছে। তবে সকলে মিলেমিশে একসাথে কর্মসূচি পালন করতে পারলে খুব ভাল হত।
সোমবার জেলা শহর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের দখলে ছিল। শহর জুড়ে পৃথক আলোচনা সভা, কাঙ্গালি ভোজ ও শোক র্যালির আয়োজন ছিল।
জেলা শহরের ৯ টি স্থানে পৃথকভাবে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও আওয়ামী আইনজীবীগণ এ অনুষ্ঠানসমূহ আয়োজন করেছিলেন। তাছাড়া জেলা প্রশাসন শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করেন। জেলা যুবলীগের বিভিন্ন সাংগঠনিক ইউনিট জেলা শহরের চারটি স্থানে আলাদা অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা আওয়ামী লীগ উকিল পাড়ার প্রেসক্লাব সামনে ও হোসেন বখত চত্বরে আলোচনা সভা ও কাঙ্গালি ভোজের আয়োজন করেছিল। জেলা আওয়ামী লীগের রমিজ বিপণিস্থ কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগ দলীয় কর্মসূচি পালন করে, সদর উপজেলা যুবলীগ শহরের আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্টে), পৌর যুবলীগ পুরাতন বাসস্টেশনে, পৌর আওয়ামী লীগ কেন্দ্রীয় শহীদ মিনারে, জেলা ছাত্র লীগ পুরাতন বাসস্টেশনে আলোচনা সভার আয়োজন করেছিল।
এছাড়া জেলা জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর আয়োজনে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আলোচনা ও দোয়া পালন করেন। এদিকে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে পৃখক শোকসভা আয়োজন করেন আওয়ামীপন্থী আইনজীবীরা। এছাড়াও জেলা কৃষি বিভাগের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।


