জ্বলছে জলমহাল- জেলার ৩৭ টি জলমহাল নিয়ে এবার বিরোধ

বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জের ১০৪৫ টি জলমহালের মধ্যে ৩৭ টি জলমহাল নিয়ে এবার বিরোধ রয়েছে। বিরোধকৃত জলমহালগুলোর সব কয়টিই ২০ একরের বেশি আয়তনের জলমহাল। এসব জলমহাল নিয়ে এই মৌসুমে (মাছ ধরার মৌসুমে) সংঘাত-সংঘর্ষ এবং বন্দুক যুদ্ধের ঘটনাও ঘটছে। ইতিমধ্যে শাল্লার একটি জলমহালে পুলিশ মোতায়েন করা হয়েছে। দিরাইয়ের ৩ টি জলমহালে ৩ জন ম্যাজিষ্ট্রেটসহ পুলিশ মোতায়েন রয়েছে। বিরোধকৃত এই জলমহালগুলো উন্নয়ন স্কীমের আওতায় ভূমি মন্ত্রণালয় বা জেলা প্রশাসনের জলমহাল ব্যবস্থাপনা কমিটি কর্তৃক ইজারাকৃত।
জেলা রাজস্ব শাখা সূত্রে জানা গেছে সুনামগঞ্জে ২০ একরের উপরের জলমহাল ৪২০ টি। ২০ একরের নিচের জলমহাল ৬২৫ টি। এরমধ্যে ভরাট হয়ে যাওয়া, আদালতের নিষেধাজ্ঞাসহ নানা কারণে ইজারাবিহীন আছে ৩৮ টি। উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ৬ বছরের জন্য ইজারা হয়েছে ১৪৫ টি। বাকীগুলোর মধ্যে ২০ একরের উপরের জলমহাল জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি এবং ২০ একরের নিচের জলমহাল উপজেলা পরিষদ দরপত্র প্রক্রিয়ায় সাধারণ আবেদনের মাধ্যমে মৎস্যজীবী সমবায় সমিতিকে ইজারা দিয়েছে।
মামলায় জড়িত ৩৮ টি জলমহালের মধ্যে হাইকোর্টে রিট মামলা রয়েছে ২২ টির উপর, জজকোর্টে মামলা রয়েছে ৫ টির উপর, ভূমি আপিল বোর্ড বা কমিশনার অফিসে মামলা রয়েছে ১১ টির উপর।
উন্নয়ন স্কীমের জলমহালগুলোর বেশিরভাগই ভূমি মন্ত্রণালয় থেকে ইজারা দেওয়া হয়। এই জলমহালগুলোর মধ্যে এলজিইডি’র হিলিফ প্রকল্প ৭৪ টি এবং হিমলিফ প্রকল্প ২২ টি জলমহাল ইজারা নিয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয় সমঝোতা স্মারকের মাধ্যমে এগুলো ১০ বছরের জন্য নিয়েছে। তবে এগুলো মৎস্যজীবীদের দিয়ে সংগঠন করে দেখভাল করানো হয়।
এলজিইডি’র এই প্রকল্পগুলোর জলমহালগুলো ছাড়া উন্নয়ন স্কীমের অন্যান্য জলমহালগুলো ভূমি মন্ত্রণালয় বা জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি মৎস্যজীবী সমবায় সমিতিকে কাগজে-পত্রে ইজারা দিলেও বাস্তবে কোন মৎস্যজীবী সমিতিই জলমহাল শাসন করছে না।
কোথাও সামান্য লাভে মৎস্যজীবী সমবায় সমিতি প্রভাবশালীদের হাতে জলহাল ন্যস্ত করেছে। আবার কোথাও প্রভাবশালীরা জোরপূর্বক স্টাম্পে স্বাক্ষর নিয়ে জলমহাল দখলে রেখেছে।
সরকার কাগজে-পত্রে ‘জাল যার-জলা তার’ অর্থাৎ মৎস্যজীবীরাই জলমহাল শাসন করবে এই নীতি কার্যকর করলেও সুনামগঞ্জে প্রকৃতপক্ষে লাঠিয়াল যার- জলমহাল তার। এক্ষেত্রে সরকার দলীয়রা থাকেন সুবিধাবাদী অবস্থানে। এজন্য সুনামগঞ্জে কথা রয়েছে ‘সরকার যার জলমহাল তার’। তবে এখানে সরকারী দলের ছত্রছায়ায় অনেক ক্ষেত্রে বিরোধী দলীয় ক্যাডাররাও জলমহালের ভাগ নেয়। সুনামগঞ্জে ধনি হবার সহজ পথ জলমহাল ব্যবসা। এজন্য মাছ ধরার মৌসুমে জলমহাল নিয়েই এ জেলায় বড় সংঘর্ষ বা হতাহতের ঘটনা ঘটে। জলমহাল নিয়ে দ্বন্দ্ব-সংঘাত, বন্দুকযুদ্ধ এবং মারামারির ঘটনাও লেগেই থাকে।
চলতি মৌসুমে জেলার বিভিন্ন স্থানে জলমহাল দখল-পাল্টা দখল নিয়ে সংঘর্ষ, হামলা, মামলা বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। গত ১৭ জানুয়ারি দিরাইয়ের জলমহাল জারলিয়ার পাড়ে বন্দুক যুদ্ধের ঘটনায় ৩ জন নিহত হয়েছে। শাল্লার চন্ডিডহরে জলমহাল দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের একটি সূত্র জানায়, উন্নয়ন প্রকল্পের আওতায় ইজারা দেওয়া গোড়ামারা সাতপাখিয়া প্রকাশিত জারলিয়া নদী জলমহাল ৬ বছরের জন্য ইজারা দেওয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় বছরে সমিতির সাধারণ সম্পাদক ছিলেন উমেশ দাস।
ঐ জলমহাল প্রথম বছরে সাবলিজ নেয় জগন্নাথপুরের একজন বিএনপি নেতাসহ স্থানীয় কিছু প্রভাবশালী। কিন্তু এরা জলমহাল ভোগ দখল করতে পারেনি। দ্বিতীয় বছর স্থানীয় রাজনীতির আওয়ামী লীগ ও বিএনপি’র সকল পক্ষের প্রভাবশালীসহ জলমহাল পার্শ্ববর্তী হাতিয়ার যুবলীগ নেতা একরারও জলমহাল শাসনে যুক্ত হয়।
তৃতীয় বছরে খাজনা নেবার সময় সমিতির সদস্যরা এসে জানান, সমিতির কমিটি পরিবর্তন হয়েছে। নতুন সাধারণ সম্পাদক ধনঞ্জয় দাস। উমেশ দাস তাতে আপত্তি জানিয়ে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে খাজনা গ্রহণ না করার আবেদন জানান। পরে সমবায় কর্তৃপক্ষ এবং জেলা রাজস্ব শাখা তদন্ত সাপেক্ষে খাজনা গ্রহণ করেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, জারলিয়া জলমহালের ইজারাদার দক্ষিণ নাগেরগাঁও মৎস্যজীবী সমিতির কমিটি নিয়ে দ্বন্দ্ব দেখা দিলে জেলা রেভিনিউ ডেপুটি কালেকক্টর (আরডিসি) সমিতির ৩৫ জন সদস্যকে ডেকে এনে বলেন,‘উমেশ দাসের পক্ষে যারা যারা আছেন এক পাশে যান, ধনঞ্জয়ের পক্ষে যারা আছেন এক পাশে থাকেন’।
পরে দেখা যায় উমেশ দাসের পক্ষে তিনি ও তার ছেলে এবং অন্য সকলে ধনঞ্জয়ের পক্ষে দাঁড়ায়। এরপরই বিগত রাজস্ব বছরে ধনঞ্জয়ের কাছ থেকে এই জলমহালের রাজস্ব নেওয়া হয়।
ধনঞ্জয়ের কাছ থেকে খাজনা গ্রহণ করলেও এই জলমহালের শাসনে আশপাশের প্রভাবশালী অনেকেইসহ দিরাই আওয়ামী লীগের কিছু নেতাও ছিলেন। কিন্তু মাছ ধরার মৌসুমে উমেশ দাসের ৩ বছর আগের সাবলিজ দেওয়া কাগজ দেখিয়ে মাছ ধরতে আপত্তি জানান একরারসহ তার পক্ষের লোকজন। এই নিয়ে কয়েক দফা বন্দুক যুদ্ধের শেষ পরিণতি গত ১৭ জানুয়ারি ৩ জনের প্রাণহাণির ঘটনা ঘটে। নিহতরা সবাই জলমহাল পাড়ের ৩ নিরীহ দরিদ্র ব্যক্তি, এরা সুবিধাভোগীও নয়, ইজারাদারও নয়। ইজারাদার দাবীদারও নয়।
সুনামগঞ্জের শাল্লার শেষ সীমানা ও হবিগঞ্জের আজমিরিগঞ্জের শেষ সীমানার জলমহাল চন্ডিডহরের দখল নিয়ে দীর্ঘদিন ধরে শাল্লার মির্জাকান্দা গ্রামের হাসিম মিয়া ও আজমিরিগঞ্জের পেটুয়াকান্দা গ্রামের হান্নান মিয়ার লোকজনের মধ্যে বিরোধ রয়েছে। ২৭ ডিসেম্বর গভীর রাতে দুই পক্ষই জলমহালে মাছ ধরার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। এসময় উভয় পক্ষের ২৬ জন আহত হয়। শাল্লার এই জলমহালে পুলিশ মোতায়েন রয়েছে।
এছাড়া দিরাইয়ের ৩ টি জলমহালে ম্যাজিষ্ট্রেটসহ পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
এমন সংঘর্ষের ঘটনা আরো অনেক জলমহালে ঘটার আশংকা করেছেন সংশ্লিষ্টরাই।
ধর্মপাশার চামরদানী-সুমেশ্বরী মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক কাঞ্চন সরকার বলেন,‘সরকার দলীয় কিছু নেতারা আমাদের কাছ থেকে কাগজ নিয়ে স্কীমই দাখিল করেনি। অন্য সমিতির কাগজ দিয়ে স্কীম দাখিল করেছে। ঐ সমিতি কেবল নামে মাত্রই আছে, রাজনৈতিক নেতাদের দখলেই রয়েছে জলমহাল।’ তিনি জানান, কেবল ঐ সমিতি নয় হাওরাঞ্চলের কোন মৎস্যজীবী সমবায় সমিতির দখলেই কোন জলমহাল নেই। সমিতিকে বছরে সর্বোচ্চ ১০-২০ হাজার টাকা দেয় প্রভাবশালী রাজনৈতিক নেতা-কর্মীরা। সমিতির সদস্যদের খাওয়ার জন্যও একটা মাছ ধরার সুযোগ দেওয়া হয় না বা মাছ খাবার জন্যও দেয়া না’।
ধর্মপাশার আরেকটি মৎসজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাম না ছাপার অনুরোধ জানিয়ে বলেন,‘জেলা প্রশাসন বা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খাজনা নেয় একপক্ষের কাছ থেকে, জলমহাল থাকে আরেক পক্ষের দখলে। এই কারণেও অনেক স্থানে সংঘর্ষ হয়। খাজনা নেবার পর পরই ইজারা পরিশোধকারীকে জলমহাল বুঝিয়ে দিলে এমন সংঘর্ষ কম হবে’।
সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন,‘সংঘর্ষের আশংকায় শাল্লার চন্ডিডহরে এবং দিরাইয়ের জারলিয়া, পিকদাইড় ও বামন্তি জলমহালে ৩ জন ম্যাজিষ্ট্রেটসহ পুলিশ মোতায়েন রয়েছে। অন্য কোন জলমহালেও এ ধরনের সমস্যা সৃষ্টি হলে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে’।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন,‘কোন জলমহালে কখন সমস্যা হয় বলা কঠিন। তবে যেসব জলমহাল ইজারা দেওয়া হয়েছে সেগুলো যথাযথ প্রক্রিয়ায় জলমহাল ব্যবস্থাপনা কমিটি ইজারা দিয়েছে। দিরাইয়ের জারলিয়া জলমহালটিও যথাযথ প্রক্রিয়ায় দক্ষিণ নাগেরগাঁও মৎস্যজীবী সমিতিকে প্রায় ১৬ লাখ টাকা রাজস্ব নিয়ে ইজারা দেওয়া হয়েছে। যেখানেই সমস্যা হচ্ছে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।’