জয়া সেনকে জড়িয়ে কাঁদলেন প্রধানমন্ত্রী- বললেন, ‘কেবল আমরা নই পুরো জাতি তাঁকে হারিয়েছে’

স্টাফ রিপোর্টার
স্বনামধন্য রাজনীতিক প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তকে জড়িয়ে ধরে কাঁদলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বললেন,‘তাঁকে কেবল আমরা হারাইনি, পুরো জাতি হারিয়েছে।’ এসময় উপস্থিত প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্ত’র ছেলে সৌমেন সেন গুপ্ত, সৌমেনের স্ত্রী ডা. রাখী সেন গুপ্ত এবং সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকও কান্নায় ভেঙে পড়েন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় প্রধানমন্ত্রী’র  সংসদ ভবনের অফিস কক্ষে এমন হৃদয়বিদারক পরিবেশ ছিল।
প্রায় ২০ মিনিট সুরঞ্জিত সেন গুপ্তের পরিবারের সদস্যদের সময় দেন প্রধানমন্ত্রী। এসময় সুরঞ্জিত সেন গুপ্তের নানা স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন,‘সর্বশেষ বৃহস্পতিবারও তিনি সংসদে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছিলেন, আমি মিস করেছি’।
প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের শ্রাদ্ধানুষ্ঠানের অনুমতি ও দাওয়াত দেবার জন্য বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান জয়া সেন গুপ্ত, পুত্র সৌমেন এবং পুত্র বধু রাখি। সঙ্গে ছিলেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
মুহিবুর রহমান মানিক বলেন,‘প্রয়াত নেতা সুরঞ্জিত সেন গুপ্তের শ্রাদ্ধানুষ্ঠানের অনুমতি নেবার জন্য  বৌদি (জয়া সেন গুপ্ত) প্রধানমন্ত্রী’র কাছে গিয়েছিলেন।’ তিনি জানান ১৪ ফেব্রুয়ারি ঢাকেশ্বরী মন্দিরে এবং সংসদ ভবনের এলজি হলে সুরঞ্জিত সেন গুপ্তের শ্রাদ্ধানুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।