বিন্দু তালুকদার
মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, ‘বর্তমান সরকারের আমলে ডিজিটাল পদ্ধতির কারণে দুর্নীতি অনেক কমে এসেছে। ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে কার্য সম্পাদনের কারণে কেউ অনৈতিক সুযোগ সুবিধা নিতে পারেন না। তবে দুর্নীতিমুক্ত পরিবেশ করতে হলে মনমানসিক পরিবর্তন করতে হবে। সৎ উদ্দেশ্যে ডিজিটাল প্রদ্ধতি অনুসরণ করলে সকল ভালো উদ্যোগ কার্যকর এবং সফল হবে। কারণ অনেক জায়গায় স্বাস্থ্য বিভাগে ডিজিটাল হাজিরা চালু থাকলেও কেউ কেউ নির্দিষ্ট সময়ের আগেই হাজিরা দিয়ে কাজ ফাকি দেন।’
তিনি আরো বলে,‘সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকের মাধ্যমে আশপাশের সমস্যার তথ্য-উপাত্ত সকলের সামনে তোলে ধরা সম্ভব। কারণ ফেইসবুক চালাতে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও প্রশিক্ষণের প্রয়োজন হয় না। যারা একটু লিখতে পারেন তারাই ফেইসবুক চালাতে পারেন। এলাকার নানা সমস্যা ফেইসবুকে লিখে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে পারেন। সরকার চায় এখন প্রশাসন ও জনগনের মাঝে কোন পর্দা থাকবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমস্যা ও সম্ভবনা প্রকাশিত হবে, সাধারণ মানুষ ও সরকার জানবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুনামগঞ্জের হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর, বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সুনামগঞ্জ উপকেন্দ্র ও সমাজসেবা অধিদপ্তরের লোকবল সংকট দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে সোশ্যাল মিডিয়া সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা শিল্পকলা একাডেমীর হাছনরাজা মিলনায়তনে এই সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে সরকারি প্রতিষ্ঠানের জেলা পর্যায়ের কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ, নানা শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মকর্তা মানিক মাহমুদের সঞ্চালনায় সোশ্যাল মিডিয়া সংলাপে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব এম এন জিয়াউল আলম।
সংলাপে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সহধর্মীনী সৈয়দা শামীমা সুলতানা আলম, মন্ত্রী পরিষদ বিভাগের সংস্কার অনু বিভাগের অতিরিক্ত সচিব ও জাতীয় শুদ্ধাচার কৌশল সহায়তা প্রকল্পের প্রকল্প পরিচালক সোলতান আহ্মদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজন খান ও জেলা প্রশাসকের সহধর্মীনী শেখ রুবিনা ইসলাম।
সোশ্যাল মিডিয়া সংলাপে নানা বিষয়ে কথা বলেন, দৈনিক আমাদেরসময়ের জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদার, দিপ্ত টিভির জেলা প্রতিনিধি সেলিম আহমদ তালুকদার, সময় টিভির জেলা প্রতিনিধি হিমাদ্রী শেখ ভদ্র, এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল হাদি সিয়াম, দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার শহীদনুর আহমদ, লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোশারফ আলম প্রমুখ।
সোশ্যাল মিডিয়া সংলাপ শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ সকল অতিথিগণ দোয়ারাবাজারের চার বীর প্রতীক ইদ্রিস আলী, আব্দুল হালিম, আব্দুল মজিদ ও কাকন বিবির মুক্তিযুদ্ধকালীন নানা স্মৃতিরচারণমুলক সংগৃহিত বক্তব্য ‘ভয়েজ অফ ফ্রিডম ফাইটার’, জেলার বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধাদের সংক্ষিপ্ত সাক্ষাৎকার ও স্বাক্ষর করা মুক্তিযোদ্ধা ডায়েরির মোড়ক উন্মোচন করেন। একই সময় দিরাইয়ের শিল্পী ফাকুরুর রহমানের ২০০ গানের বাই ‘ ভাবের পান্থশালা’র মোড়ক উন্মোচন করেন অতিথিগণ।
এর আগে বৃহস্পতিবার বিকালে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সেবাপ্রার্থীদের বিশ্রামের জন্য ‘সেবা চত্ত্বর’, চেম্বার অব কমার্সের সহযোগিতায় শহরের বিভিন্ন এলাকায় ৩২ টি সিসি ক্যামেরা স্থাপন, রেডিও সুনামগঞ্জ’ ও সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘরের গ্যালারীর উদ্বোধন করেন। পৃথক এসব উদ্বোধনী অনুষ্ঠানে সকল অতিথিগণের সাথে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপলসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তগণ।
- বিশ্বম্ভরপুরের ৭ বাজারে চাঁদাবাজি
- জয়া সেনকে জড়িয়ে কাঁদলেন প্রধানমন্ত্রী- বললেন, ‘কেবল আমরা নই পুরো জাতি তাঁকে হারিয়েছে’


