বিশেষভাবে সংরক্ষণের ব্যবস্থা না থাকায় অনেক জাতের ফল ও ফসল বিলুপ্তির ঝুঁকির মধ্যে রয়েছে। শুকিয়ে সংরক্ষণ করা যায়, এমন ১০ হাজার ৮৭ জাতের ফসলের বীজ সংরক্ষণ করা আছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কৌলিক সম্পদ কেন্দ্রের জিন ব্যাংকে। এর বাইরে ধানের প্রায় আট হাজার জাত সংরক্ষিত রয়েছে ধান গবেষণা ইনস্টিটিউটের জিন ব্যাংকে। স্থানীয় জাতের বিভিন্ন ফসলের ৭০০ জাত সংগ্রহ করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। এ ছাড়াও বেসরকারি প্রতিষ্ঠান ও কৃষকের হাতে রয়ে গেছে কিছু জাত। সংরক্ষিত জাতের সংখ্যাটি বড় হলেও অনেক ফসলের জাত জিন ব্যাংকে সংরক্ষণের বাইরে রয়ে গেছে।
অনেক ফসল বা ফলের বীজ শুকিয়ে সংরক্ষণ করা যায়। অথচ এমন কিছু ফল এবং ফসল রয়েছে, যেগুলোর বীজ শুকিয়ে সংরক্ষণ করা যায় না। জিন ব্যাংকেও সংরক্ষণের ব্যবস্থা নেই। এসবের কিছু কিছু মাঠে সংরক্ষিত রাখা যায়। এ ধরনের ফসলের জাতগুলো জিন ব্যাংকে টিসু কালচার করে বা তরল নাইট্রোজেন দ্রবণে সংরক্ষিত করা যেতে পারে। বায়োটেকনোলজি ব্যবহার করে তরল নাইট্র্রোজেনের দ্রবণে সংরক্ষিত করা গেলে প্রায় ৫০ বছর সংরক্ষিত রাখা সম্ভব।
জীবনধারণের জন্য আমরা বিভিন্ন জাতের ফসল ও ফলের ওপর নির্ভরশীল। যুগ যুগ ধরে উত্পন্ন হওয়া ফসল এবং ফল আমাদের ঐতিহ্যেরও অংশ। জনসংখ্যা বৃদ্ধির কারণে ফসল এবং ফলের ওপর চাপ বাড়ছে। একটা সময় ছিল কিছু কিছু ফসল এবং পণ্য বাণিজ্যিকভাবে উৎপন্ন হতো না। মানুষ শখ করে ফলের গাছ লাগাত। এসব গাছের ফলফলাদি নিজেরাই খেত। কিছু কিছু ফসলের বেলায়ই এই ধারা প্রচলিত ছিল। কিন্তু এখন অনেক ফলই বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন হচ্ছে। বহুল প্রচলিত নয়, এমন ফলও এখন বাজারে কিনতে পাওয়া যায়। একসময় বিদেশ থেকে আমদানি করা ফলই মানুষ আগ্রহ নিয়ে খেত। এখন সময় বদলেছে। দেশি ফলের কদর বেড়েছে। দেখা গেছে পুষ্টিগুণে দেশি অনেক প্রচলিত-অপ্রচলিত ফল গ্রহণযোগ্য হচ্ছে। কিছু কিছু ফসলের বেলায়ও একই কথা প্রযোজ্য ছিল। নিজেদের প্রয়োজনের বাইরে এসব উৎপন্ন হতো না। এখন হচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে। ফল এবং ফসলের বহুমুখিতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি অব্যাহত রাখতে হলে কোনো ফসল এবং ফলের জাত বিলুপ্ত হওয়ার সুযোগ নেই। বরং গবেষণার মাধ্যমে ফসল এবং ফলের বিভিন্ন জাত উদ্ভাবন করা জরুরি।
জিন ব্যাংকে আশঙ্কার মধ্যে থাকা ফল এবং ফসলের জাত সংরক্ষণের পাশাপাশি দেশের কোথায় কোন ফসল আবাদ হচ্ছে বা মানুষ খাদ্য হিসেবে ব্যবহার করে সেগুলোর জরিপ করে সংগ্রহ ও সংরক্ষণের আওতায় আনা জরুরি। বীজ সংরক্ষণে দেশের প্রতিবেশ অঞ্চলের কৃষকদের সম্পৃক্ত করা দরকার। বীজ সুপ্তাবস্থার একটা নির্দিষ্ট সময় থাকে। সেটি অতিক্রম করলে বৈশিষ্ট্য পরিবর্তন হয়। সেজন্য বীজগুলো প্রতি বছরই আবাদ করা আবশ্যক। জিন ব্যাংকে সংরক্ষণ এবং আবাদের মাধ্যমে ফসল এবং ফলের জাত বাঁচিয়ে রাখা সম্ভব।

