ঝুঁকিপূর্ণ মোটর রিক্সা অবৈধ ঘোষণা-১০ রিক্সা আটক

আকরাম উদ্দিন
সুনামগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০টি ব্যাটারী ও মোটর সংযুক্ত রিক্সা আটক করেছে পুলিশ। সম্প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে এক নোটিশের মাধ্যমে এসব যানবাহন নিষিদ্ধ করা হয়েছে। সোমবার দুপুরে এমন তথ্য দিয়েছেন সুনামগঞ্জ ট্রাফিক বিভাগের সার্জেন্ট সালাহ উদ্দিন কাজল।
জানা গেছে, জেলা সদর সহ সুনামগঞ্জ সদর, সিলেট, জগন্নাথপুর, দোয়ারাবাজার, ছাতক, দিরাই, দক্ষিণ সুনামগঞ্জ, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার বিভিন্ন এলাকায় এরকম ব্যাটারি ও মোটর সংযুক্ত রিক্সা ব্যাপকভাবে চলাচল করে। চলতি বছরের ৭ জুন জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া সুনামগঞ্জ ট্রাফিক বিভাগের সার্জেন্ট  অফিসের নোটিশে উল্লেখ করা হয়েছে, ব্যাটারী ও মোটর সংযুক্ত করে রিক্সা তৈরি, বিপণন ও বাজারজাতকরণ এবং চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।
সড়ক, মহাসড়কে প্যাডেল চালিত রিক্সায় ব্যাটারী ও মোটর সংযুক্ত করে দ্রুত গতিতে চলাচল করতে দেখা যাচ্ছে। এসব যানবাহন নন মোটরাইজ বাহন। এর নকশা ও গঠন কাঠামো এবং নিরাপত্তা ইউনিট (ব্র্যাক, সাসপেনশন, স্টিয়ারিং ইত্যাদি মোটরাইজড ভেহিকেল গাড়ি হতে সম্পূর্ণ ভিন্ন।) ব্যাটারী ও মোটরের সাথে যুক্ত করে রিক্সা চালনা করা হলে, এটি দ্রুত গতির বাহনে পরিণত হয়। এই দ্রুত গতিতে চালনা করা রিক্সায় সংযুক্ত ব্র্যাক যানবাহনের গতি থামাতে পারে না বা কার্যকর হয় না। তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিপদজনক। এসব যানবাহনের কারণে দিনে দিনে দুর্ঘটনা বাড়ছে। মোটর আইন বিধি অনুযায়ী এসব যান সম্পূর্ণ নিষিদ্ধ।
মানুষ অল্প বিনিয়োগে অতি মুনাফার লোভে এমন ব্যবসায় জড়িয়ে পড়ছেন। এই জড়িয়ে পড়ার সাথে জড়িত রয়েছে টাউট ও দালাল প্রকৃতির কিছু অসাধু লোকজন। সহজ-সরল মানুষকে এই ব্যবসায় বেশি মুনাফার লোভ দেখিয়ে তারা কৌশলে হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা। এই যানবাহন তৈরিতে পার্টস ব্যবসায়ী, ব্যাটারী ও মোটর  বিক্রেতারা অতি লাভবান হচ্ছেন।
শহরের নবীনগর এলাকার বাসিন্দা তোষার বৈদ্য বলেন, ‘আমি তিন মাস আগে কয়েকজনের পরামর্শে বেশি লাভের আশায় প্যাডেলের রিক্সায় ব্যাটারী ও মোটর সংযুক্ত করি। পরে শহরে চালানোর জন্য চালককে দিয়েছিলাম। তখন আমার খরচ হয়েছিল ৫৫ হাজার টাকা। প্রথম দিনের পর থেকেই চালককে মেরামত খরচ দিয়ে আসছি প্রতিদিন। এই জন্য এখন আমি রিক্সা বিক্রি করে দেবো। এই টাকা দিয়ে যদি অন্য ব্যবসা করতাম তাহলে অনেক বেশি লাভবান হতাম আমি।’
ইসলামপুরের রিক্সা চালক আব্দুল কাদির বলেন, ‘আমি ১৫ বছর ধরে প্যাডেলের রিক্সা চালাই। অনেক চালক ব্যাটারী আর মোটর সংযুক্ত করেছেন রিক্সায়। কেউ লাভবান হয়েছেন বলে আমি জানি না। এ পর্যন্ত শুনে আসছি সবাই লোকসানে আছেন। আমাকে বলা হয়েছে মোটর লাগাতে, কিন্তু আমি লাগাইনি। আমার এতো লাভের প্রয়োজন নেই। এই রকমের রিক্সা চালানো ঝুঁকিপূর্ণ।’
ট্রাফিক সার্জন সালাহ উদ্দিন কাজল বলেন, ‘পায়ে চালিত রিক্সায় মোটর সংযুক্ত করা নিষিদ্ধ। আমরা এসব নিষিদ্ধ যানবাহন আটক করতে অভিযান অব্যাহত রেখেছি।’