স্টাফ রিপোর্টার
‘ধর্মীয় মৌলবাদ-জঙ্গিবাদ প্রতিহত করি,তরুণ সমাজকে নারী আন্দোলনে যুক্ত করি’ এই শ্লোগানকে সামনে রেখে জেলা মহিলা পরিষদের সাংগঠনিক মাস ২০১৬ উপলক্ষ্যে তরুণীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় শহরের সরকারি মহিলা কলেজের হল রুমে মহিলা পরিষদ জেলা শাখা এই আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পরাগ কান্তি দেব’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট নারী নেত্রী ও সমাজকর্মী শিলা রায়, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা পরিষদের সহ সভাপতি নিগার সুলতানা কেয়া, বিশিষ্ট আইনজীবী মতিউর রহমান পীর ও মহিলা পরিষদ জেলা শাখার লিগ্যাল এইড সম্পাদিকা রাশিদা বেগম, প্রচার সম্পাদক মিনা পাল, সদস্য আতিফা ইসলাম সাথী, তৃণা দে প্রমুখ। আর অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী।
আলোচনা সভায় বক্তারা তরুণীদের উদ্দেশ্যে বলেন,‘ বর্তমানে পুরুষ শাসিত সমাজে নারীদের দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে তাই তরুণীরা নিজেই নিজেকে টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে। তাদের সমাজ ও রাষ্টে অবদান রাখতে হবে। তবে এজন্য নিজেদের যোগ্য করে তুলতে হবে। আর যোগ্য করে তুলতে হলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার কোন বিকল্প নেই। বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌন হয়রানি, ইভটিজিং সবই বন্ধ হবে যদি তরুণীরা স্বশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের এসব অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর তরুণীদের নিয়ে বেশী বেশী সচেতনতামূলক আলাপ আলোচনা চালাতে হবে বলে আলোচনা সভায় মত দেন বক্তারা।


