টাঙ্গুয়ার ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়ে প্রতিমন্ত্রী এমএ মান্নান- পেটের তাগিদে মাছ ধরাকে ‘চুরি’ বলা যাবে না

বিশেষ প্রতিনিধি
টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন,‘টাঙ্গুয়ার হাওরে পেটের তাগিদে যারা মাছ ধরেন তাদেরকে ‘চোর’ বলা হয়। আসলে এটি তাদের অধিকার। একে মাছ চুরি বলা যাবে না।’ তিনি বলেন,‘বলা হয়ে থাকে বিধি-বিধান মানতে হবে। অনেক বিধি-বিধান ব্রিটিশ ও পাকিস্তানিরা তৈরি করেছিল। এর মধ্যে জনগণের বিরুদ্ধেও বিধি রয়েছে। আমরা এগুলো সংস্কার করে বোধগম্য এবং জনগণের পক্ষে নতুন করে তৈরি করছি এবং করবো’। তিনি বলেন,‘টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনায় কর্তৃপক্ষীয় চিন্তা এড়াতে হবে’।
সুনামগঞ্জের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন- মুহিবুর রহমান মানিক এমপি, পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি, অ্যাড. শামছুন  
নাহার বেগম শাহানা এমপি। মতবিনিময় সভায় ধারণাপত্র উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জাফর সিদ্দিক।
বেসরকারি সংগঠন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা’র সঞ্চালনায় আলোচনায় অংশ নেন- সাবেক সংসদ সদস্য নজির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান ও কামরুজ্জামান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, অ্যাড. হোসেন তওফিক চৌধুরী, নারীনেত্রী শীলা রায়, টাঙ্গুয়ার হাওর ম্যানেজমেন্ট কমিটির সভাপতি বজলুর রহমান প্রমুখ। হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুষ রঞ্জন পুরকায়স্থ টিটু মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন।
মন্ত্রী বলেন,‘টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনায় কর্তৃপক্ষীয় চিন্তা এড়াতে হবে। কর্তৃপক্ষীয় ব্যবস্থাপনায় থাকলে আনুষ্ঠানিকতা বাড়ে। কাজ হয় কম।’ তিনি বলেন,‘হাওরের জীব-বৈচিত্র যেটুকু সম্ভব রক্ষা করেই পরিবর্তনের দিকে যেতে হবে। তবে খৈয়া, পুটি ও শোল’র দিন শেষ। আমরা চেষ্টা করলেও এসব বিলুপ্ত প্রায় জলজ প্রাণী বা মাছ ধরে রাখতে পারবো না। তবে ওখানে পর্যটন শিল্পের বিকাশ হলে বিকল্প কর্মসংস্থান হবে। কৈ মাছের বিক্রেতা চা-বিস্কুট বিক্রি করতে পারবে।’
জলবায়ু তহবিলে দাতা সংস্থার অর্থ প্রদান বা এডিবি’র অর্থকে সহায়তা বলাও ভুল উল্লেখ করে তিনি বলেন,‘এটি সহায়তা নয়, ঋণ গ্রহণ। ৪০ বছর মেয়াদি ঋণ। এটি খরচ করার সময়ও সকলকে ঋণের টাকা বুঝতে হবে’।
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন,‘টাঙ্গুয়ার হাওর রক্ষা করতে হবে। এজন্য দীর্ঘ আলোচনা হওয়া প্রয়োজন। একটি বৈঠক দেখিয়েই এই আলোচনা শেষ করা যাবে না’।
সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ্ বলেন,‘টাঙ্গুয়ার হাওর যারা রক্ষণাবেক্ষণ করেছে, তারাই লুট হতে সহায়তা করেছে।’ তিনি বলেন,‘এখন আলোচনার বিষয় হচ্ছে টাঙ্গুয়ার হাওর কী ইজারা প্রথায় যাবে? না কী অন্য কোন পদ্ধতিতে আরো গুরত্ব দিয়ে সংরক্ষণ করা হবে’।untitled-1
পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও যুগ্ম সচিব মো. জাফর সিদ্দিক বলেছেন, ‘জেলা প্রশাসন ও আইইউসিএন যৌথভাবে যে ব্যবস্থাপনা করেছিল, এতে অনেকটা ভালও হয়েছে আবার খারাপও হয়েছে। ২০০৪ সালে কোনো ব্যবস্থাপনা ছাড়াই বিপুল পরিমাণে মাছের উৎপাদন ছিল টাঙ্গুয়ায়। পরে টাঙ্গুয়ার হাওরের মাছের উৎপাদন বৃদ্ধির চিন্তা থেকে আরও ভাল ব্যবস্থাপনা সৃষ্টি করায় সর্বোচ্চ ৫শ’ কোটি টাকার মাছের উৎপাদন করা সম্ভব হয়েছিল। তখন টাঙ্গুয়ার হাওরে মাছের উৎপাদন বৃদ্ধিতে পাহাড়াদার, আনসার ও পুলিশের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছিল। ছিল জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা। এতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় হাওরের পরিবেশ ও প্রতিবেশ রক্ষা ছিল অনেকটাই ভাল।’ তিনি বলেন, ‘টাঙ্গুয়ার হাওরকে পর্যটন এলাকা হিসাবে গড়ে তোলার চিন্তা দূর করতে হবে। যাদুকাটা নদীর তীর ও বারেকের টিলাসহ আরও অন্যান্য দর্শনীয় স্থান পর্যটন এলাকা হিসাবে গড়ে তোলা যেতে পারে। এক্ষেত্রে টাঙ্গুয়ার হাওরকে বাদ দিয়ে পর্যটনকেন্দ্র গড়ে তোলতে হবে। কারণ টাঙ্গুয়ার হাওরকে পর্যটনের আওতায় আনলে পর্যটকদের খাবারের ময়লা-আবর্জনা ও যানবাহনের বিকট শব্দ পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি হবে। পাখি, মাছ ও অন্যান্য প্রাণী ভয়ে পালিয়ে যাবে টাঙ্গুয়ার হাওর থেকে।’
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন, ‘টাঙ্গুয়ার হাওর ১৯৩০ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ইজারা পদ্ধতি ছিল। এই বিশাল টাঙ্গুয়ার হাওরের পাড়ে রয়েছে ৪ টি ইউনিয়ন। এই ইউনিয়নগুলোর  জনগোষ্ঠীর বড় একটি অংশের জীবন জীবিকা টাঙ্গুয়ার হাওরকে ঘিরে। জেলা প্রশাসন ও আইইউসিএন’র যৌথ ব্যবস্থাপনায় হাওরকে তদারকি করতে ২৪ জন আনসার, ১০ জন পুলিশ, ১ জন ম্যাজিস্ট্রেট দেয়া হয়েছে। এরপরও বিভিন্ন এলাকার লোকজন রাতের অন্ধকারে চুরি করে মাছ শিকার করেন। কেউ কেউ গাছ কাটেন। এটা সকলের সম্পদ। পরিবেশ ও প্রতিবেশ রক্ষার দায়িত্ব সকলের।’ তিনি বলেন, ‘দীর্ঘদিন যাবত আইইউসিএন এই টাঙ্গুয়ার হাওরকে দেখভাল করেছে। তবে টাঙ্গুয়ার হাওরের কতটা উন্নয়ন হয়েছে, এমন প্রশ্ন সবার মনে।’
সাবেক সংসদ সদস্য নজির হোসেন বলেন,‘‘এখন মাছ শূন্য টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওরের আলম ডাঙায় একবার জাল দিয়ে টান দিয়ে আমরা ৮০ লাখ টাকার চিতল মাছ ধরেছিলাম। করসবাগও ছিল। লাখ লাখ পাখি ছিল।’ তিনি বলেন,‘বর্তমান পাহাড়া ব্যবস্থাপনায় সম্পদ রক্ষা সম্ভব নয়। বর্তমান পাহাড়া ছিল, ‘সরকারকা মাল দরিয়ামে ঢাল’এর মতো। হাওরে এক সময় ৮ হাজার মে.টন মাছ উৎপাদন হয়েছিল। এখন ২৫ মে.টনও হয় না। পুনরুদ্ধার, উৎপাদন ও শাসন এই তিনটি’র সমন্বয় ঘটাতে হবে।’ তিনি বলেন,‘এই ১২ বছরে কেবল কমিটি আর কমিটি করা হয়েছে।’ তিনি টাঙ্গুয়ার হাওরকে ইনভেষ্টর কোম্পানী বা ইজারাদারের হাতে তুলে দেওয়ার প্রস্তাব করে বলেন,‘আগে সম্পদ তৈরি করতে হবে, পরে ভোগ করার চিন্তা। টাঙ্গুয়ার হাওরকে বিশেষ অর্থনৈতিক জোন এলাকা করা যেতে পারে। টাঙ্গুয়ার হাওর থেকে রানীগড় এবং রানীগড় থেকে সুরমা নদী পর্যন্ত মাইগ্রেটরী রোড করতে হবে।’
আলোচনার এক পর্যায়ে সুনামগঞ্জের সাবেক জেলা প্রশাসক জাফর সিদ্দিক নজির হোসেনকে উদ্দেশ্য করে বলেন,‘আপনারা বিগত সময়ে ইজারা নিলেও ইজারার পুরো টাকা পরিশোধ করেননি।’
নজির হোসেন উত্তরে বলেন, ‘নির্ধারিত মেয়াদ পর্যন্ত শাসন করতে না দেওয়ায় আমরা ইজারামূল্য পরিশোধ করিনি’।
প্রসঙ্গত. রামসার সাইট টাঙ্গুয়ার হাওর গত প্রায় ১২ বছর সরকার ও আইইউসিএন’র যৌথ ব্যবস্থাপনায় রক্ষণাবেক্ষণ করা হয়েছে। আইইউসিএন’র প্রকল্প মেয়াদ শেষ হওয়ায় ‘ছয় কুড়ি বিল, নয় কুড়ি কান্দা’ নিয়ে গঠিত প্রায় ২০ হাজার একর আয়তনের এই হাওরের দেখভাল কর্তৃপক্ষ কারা থাকবে এই নিয়ে গত কয়েকদিন ধরেই নানা পর্যায়ে আলোচনা চলছে। রোববার পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা নামক বেসরকারী সংগঠন এই মতবিনিময় সভার উদ্যোগ নিয়েছিল।