টাঙ্গুয়ার হাওরের ব্যবস্থাপনা মডেল কী হওয়া উচিৎ এবং এই হাওরের সম্পদ পুনরুদ্ধারের পদ্ধতি পর্যালোচনার উদ্দেশ্যে রবিবার জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তাদের আলোচনা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। আমরা মনে করি টাঙ্গুয়ার হাওরের ব্যবস্থাপনা মডেল নিরূপণ বিষয়ক সামনের আলোচনাগুলোতে এই সব বক্তব্য দিক নির্দেশনা হয়ে থাকবে। সভার প্রধান অতিথি তথা সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী দ্ইুটি তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। এর একটি হলো, তাঁর মতে, পেটের তাগিদে মাছ ধরাকে চুরি বলা সংগত হবে না। দ্বিতীয় কথাটিতে তিনি টাঙ্গুয়ার হাওরের ব্যবস্থাপনায় কর্তৃপক্ষীয় বা কর্তৃত্ববাদী মনোভাব পরিহারের তাগিদ দিয়েছেন। প্রাকৃতিক জলাধার টাঙ্গুয়ার হাওরের উপর হাওরবাসীর সহজাত অধিকার প্রসঙ্গে এই দুই বক্তব্য সীমাহীনভাবে তাৎপর্যম-িত। এতে হাওরের উপর হাওর পাড়ের সাড়ে তিন লক্ষ জেলে-কৃষকের অধিকারের স্বীকৃতি মিলল। অন্যটি আমাদের দেশে প্রচলিত আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার কৃত্রিম ও কাগজসর্বশ্ব প্রভুত্বসুলভ কাজকর্মের বিরুদ্ধে গণমুখী ব্যবস্থাপনা মডেলের উপর গুরুত্ব আরোপ করে। ৩১ আগস্ট আইইউসিএন’র প্রকল্প মেয়াদ শেষ হওয়ার পর যখন এনিয়ে আলোচনা চলছে তখন প্রতিমন্ত্রীর এরূপ দ্ব্যর্থহীন কথা নিশ্চয়ই সকলকে পথ দেখাবে। অন্যান্য আলোচকরাও অনেকগুলো প্রাসঙ্গিক বিষয়ের অবতারণা করেছেন। হাওর এলাকার সাবেক সংসদ সদস্য নজির হোসেন সনাতনী ইজারাদার বা বিনেয়াগপ্রথার পক্ষে যুক্তি তুলে ধরলেও তাঁর কিছু পরামর্শ প্রণিধানযোগ্য। এর মধ্যে মাছের বিচরণক্ষেত্র পুনরুদ্ধারের বিষয়টি গুরুত্বপূর্ণ। এই বিষয়টি নিয়ে তিনি ফেসবুকে নিয়মিত বিশ্লেষণ করে যাচ্ছেন। আমাদের মনে হয় নজির হোসেনর এই পরামর্শ যথেষ্ট মনোযোগ পাওয়ার যোগ্য। পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও সুনামগঞ্জের সাবেক জেলা প্রশাসক ড. জাফর সিদ্দিক টাঙ্গুয়াকেন্দ্রীক পর্যটন কেন্দ্র গড়ে তোলার মনোভাব পরিহারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সম্পূর্ণ টাঙ্গুয়ার হাওরকে পর্যটন এলাকা ঘোষণা করলে পরিব্রাজকদের ঢল ও জলযানের শব্দসহ পরিত্যক্ত বর্জ্যরে কারণে হাওরের পরিবেশ ব্যাপকভাবে বিনষ্ট হবে। ড. সিদ্দিকের এই বক্তব্যটিও বিজ্ঞানসম্মত। সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক হাওরের ব্যবস্থাপনা বিষয়ে দীর্ঘ আলোচনার আহ্বান জানিয়েছেন। ঠিক এই কথাটি আমরা বারবার বলে আসার চেষ্টা করছি।
টাঙ্গুয়ার হাওরের ব্যবস্থাপনা বিষয়ে নতুন পর্যায়ের আলোচনার সূচনাপর্বে মূল যে কাজটি হয়নি সেটি হলো এখান থেকে কোন সুপারিশমালা প্রণীত না হওয়া। আমরা জানি না এই আলোচনার সারসংক্ষেপ মন্ত্রণালয়সহ সরকারের উচ্চ পর্যায়কে অবহিত করা হবে কিনা। তবে যেহেতু জেলা প্রশাসক বর্ণিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেছেন এবং সরকারের প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও পরিবেশ অধিদপ্তরের একজন পরিচালক আলোচনায় অংশ নিয়েছেন সেহেতু এই আলোচনাকে আমরা অর্থহীন মনে করি না। এই মতবিনিময় সভাটি তখনই স্বার্থক হয়ে উঠবে যখন আমরা দেখতে পাব এর জের ধরে আলোচনাটি তৃণমূল থেকে উপরের দিকে চলতে থাকবে। মনে রাখতে হবে চলতি সনের আগস্ট মাসের পর বেসরকারি সংগঠন আইইউসিএন এখানে কোন তহবিল দিচ্ছে না। সরকারি অর্থায়নে হাওর ব্যবস্থাপনার কোন মধ্যবর্তী নির্দেশনা বা তহবিল বরাদ্দও পাওয়া যায়নি। ্এরকম অবস্থায় এই মুহূর্তে হাওরটি প্রায় অভিভাবকহীন হয়ে পড়েছে। দ্রুত এই অবস্থার অবসান হওয়া প্রয়োজন।
জেলার অর্থনৈতিক কর্মকা-ের অন্যতম প্রাণকেন্দ্র, পরিবেশ-প্রতিবেশ ও প্রকৃতির জন্য গুরুত্বপূর্ণ এই হাওরকে রক্ষা ও গণমুখী ব্যবস্থাপনা মডেলের মাধ্যমে পরিচালনার লক্ষে আমরা দ্রুত এখানে সরাসরি সরকারি পদক্ষেপ কামনা করি। নতুবা পরে পস্তাতে হবে। আমাদের দেশে প্রবাদ আছে ‘থাকতে কাঁচি হারাইলে দা’। আমরা যেন এরকম অবস্থায় পতিত না হই তাই কাম্য।
- টাঙ্গুয়ার ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়ে প্রতিমন্ত্রী এমএ মান্নান- পেটের তাগিদে মাছ ধরাকে ‘চুরি’ বলা যাবে না
- তাহিরপুর আ.লীগ নেতৃবন্দের সঙ্গে ওসির মতবিনিময়

