টাঙ্গুয়ায় নৌকা পুড়িয়েও ঠেকানো যাচ্ছে না চোরা জেলেদের

এমএ রাজ্জাক, তাহিরপুর
বিশ্ব ঐতিহ্য টাঙ্গুয়া হাওরে জাল- নৌকা আগুন দিয়ে পুড়িয়েও ঠেকানো যাচ্ছে না চোরা জেলেদের। গত এক সপ্তাহে টাঙ্গুয়া হাওরের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার, কমিউনিটি গার্ডের যৌথ অভিযানে টাঙ্গুয়ায় অবৈধ ভাবে মাছ শিকার করার কারণে ৫০টি মাছ ধরার ছোট কাঠের নৌকা, ৮টি চৌহাদ্ধা জাল, ১টি মশারী জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তবুও থেমে নেই চোরা জেলেদের মাছ শিকার করা। প্রতিনিয়িত চলছে অবৈধ ভাবে মাছ শিকার। তবে, হাওর পাড়ের জেলেরা বলছেন, হাওর পাড়ে তাদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ না থাকায় চোরের অপবাদ, জেল খাটার পরও তাদের মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতে হচ্ছে। সরকার যদি হাওর পাড়ে বিকল্প কর্মস্থানের সুযোগ সৃষ্টি করে দেন তাহলে তারা অবৈধ ভাবে চুরি করে মাছ শিকার করতে যাবেন না টাঙ্গুয়ার হাওরে।
সরেজমিনে গিয়ে জানা যায়, টাঙ্গুয়া হাওরে পাড়ে ৮৮টি গ্রামে ৬০ হাজার মানুষের বসবাস। বেশির ভাগ মানুষই মৎস্যজীবী ও কৃষক। টাঙ্গুয়া হাওরে ১৪১ প্রজাতির মাছ, ২০০ প্রজাতির উদ্ভিদ, ২১৯ প্রজাতির পাখি, ৯৮ প্রজাতির পরিযায়ী পাখি, ১২১ প্রজাতির দেশি পাখি, ২২ প্রজাতির পরিযায়ী হাঁস, ১৯ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ২৯ প্রজাতির সরীসৃপ ও ১১ প্রজাতির উভচর প্রাণী বিচরণ করার কথা থাকলেও বাস্তবে হাওরে এসব আর দেখা যাচ্ছে না।
সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে টাগুয়া হাওরকে পরিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়। টাঙ্গুয়া হাওর কে  ২ হাজার সালের ২০ জানুয়ারি ইরানের এক সম্মেলনে রামসার এলাকাভুক্ত করা হয়। ২০০৩ সালের নভেম্বর থেকে ইজারা প্রথা বাতিল করে পরিবেশ ও বন মন্ত্রণালয় হাওরের জীব বৈচিত্র্য রক্ষা ও রামসার নীতি বাস্তবায়নে উদ্যোগ নেয়। এ উদ্যোগ নেয়ার পর থেকেই কিছু অসাধু ব্যাক্তির কারণে টাঙ্গুয়া হাওরের ঐতিহ্য দিন দিন বিনষ্ট হচ্ছে।
টাঙ্গুয়া হাওর নিরাপত্তার জন্য গোলাবাড়ি, রামসিংহপুর, হাতিরঘাতা ও রংচি সহ ৪টি অস্থায়ী আনসার ক্যাম্প স্থাপন করা হয়। এই চার ক্যাম্পে ২৪ জন আনসার, ২০জন কমিউনিটি গার্ড দায়িত্ব পালন করে থাকে। এসব আনসার ও পুলিশদের নেতৃত্ব দেন প্রতি সপ্তাহ করে মাসে চার জন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। টাঙ্গুয়া হাওরে দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চোরা জেলেদের মধ্যে প্রায় সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। অনেক সময় চোরা জেলে  
আর পুলিশের মধ্যে গুলির ঘটনাও ঘটছে। তবুও ঠেকানো যাচ্ছে না চোরা জেলেদের অবৈধ ভাবে মাছ শিকার।
জগন্নাথপুর সহকারী কমিশনার (ভূমি), টাঙ্গুয়া হাওর নিরাপত্তা দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিশ্বজিত কুমার পাল বললেন, সম্প্রতি টাঙ্গুয়া হাওরে চোরা জেলেরা পুলিশ, আনসার, কমিউনিটিগার্ড এমনকি ম্যাজিস্ট্রেটের উপর হামলা করার কারণে এ ধরনের সারাশি অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, গত ৯ বছর ধরে একটি প্রকল্প হাওরবাসীকে বিকল্প কর্মস্থানের পরামর্শ দিয়ে আসলেও হাওরে চুরি করে মাছ ধরার প্রবণতা কিছুতেই কমছে না, বরং বাড়ছে। তিনি উপদেশ দিয়ে বলেন, টাঙ্গুয়া হাওর রক্ষা করার গুরুত্ব সম্পর্কে হাওরবাসী প্রতিটি গ্রামে গ্রুপ ভিত্তিক হাওর রক্ষা উন্নয়ন কমিটি গঠন করা প্রয়োজন, না হয় এক সময় টাঙ্গুয়া হাওরের ঐতিহ্য হারিয়ে যাবে।