ট্যাকেরঘাট খনি প্রকল্প উচ্চ বিদ্যালয়ের নামকরণ নিয়ে বিতর্ক

আমিনুল ইসলাম ও এমএ রাজ্জাক, তাহিরপুর
তাহিরপুর উপজেলায় বিসিআইসি’র অধীনে প্রতিষ্ঠিত ট্যাকেরঘাট চুনাপাথর খনিজ প্রকল্প উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে এলাকায় দুটি পক্ষ সৃষ্টি হয়েছে, একপক্ষ পূর্বের নাম বহাল রাখতে এবং আরেকপক্ষ বিদ্যালয় পরিচালনা কমিটি’র সভাপতি, স্থানীয় ধনাঢ্যব্যক্তি আলখাছ উদ্দিন খন্দকারের নামে নামকরণ করতে চাচ্ছেন।
সোমবার সুনামগঞ্জ চীফ জুডিয়াল ম্যাজিস্টেট আদালতে বিদ্যালয়ের নাম পরিবর্তনের জন্য এফিডেবিটের মাধ্যমে আবেদন জমার বিষয়টি বিদ্যালয় এলাকায় জানাজানি হলে এলাকার বিক্ষুব্ধরা গণমাধ্যম কর্মীদের ফোন দিয়ে ক্ষোভের কথা জানান।
খোঁজ নিয়ে জানা যায়, ‘ট্যাকেরঘাট চুনাপাথর খনিজ প্রকল্পটি লোকসানী প্রতিষ্ঠান হওয়ার কারণে ২০০৭ সালে এটি বন্ধ করে কর্মকর্তা-কর্মচারীদের বিসিআইসি’র অন্য প্রতিষ্ঠান ছাতক সিমেন্ট ফ্যাক্টরীতে স্থানান্তর করা হয়।
ট্যাকেরঘাট চুনাপাথর খনিজ প্রকল্পের ম্যানাজার আনোয়ার  হোসেন বলেন, ‘টকেরঘাট চুনাপাথর খনিজ প্রকল্পটি ১৯৬১ সালে  প্রতিষ্ঠিত হয়। তখন থেকেই উক্ত বিদ্যালয়টি চালু ছিল, এ অবস্থায় প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতি ইচ্ছে করলেই প্রতিষ্টানটির নাম পরিবর্তন করতে পারেন না। এই ক্ষেত্রে বিসিআইস’র প্রধান কার্যালয়ের অনুমতি নিতে হবে’। স্থানীয় বাসিন্দা, সাবেক ইউপি সদস্য বাচ্চু মিয়াও একই মন্তব্য করেন।
নাম পরিবর্তনের বিষয়ে টেকেরঘাট চুনাপাথর খনিজ প্রকল্প উচ্চ বিদ্যালয় ও কলেজ’র অধ্যক্ষ খায়রুল ইসলাম বলেন,‘বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত ও নির্দেশে নাম পরিবর্তনের কার্যক্রম শুরু হয়েছে’।