ঠোঙ্গায় বাঁধা তমার জীবন

আকরাম উদ্দিন
ছোট্ট মেয়ে তমা। কাগজের ঠোঙ্গা বিক্রি করে সংসারের খরচ যোগায়। প্রতিদিন সে সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে কাগজের টুঙ্গা বিক্রি করে । ঘরে বসে বসে মা প্রণতি সরকার ঠুঙ্গা তৈরি করেন। বাবা রানু সরকার কিছুই করেন না। এই ঠুঙ্গা বিক্রির টাকায় তার চার বোনের লেখাপড়ার খরচ ও সংসারের খরচ মিটানো হয় বলে জানায় সে। তমা’র বাবা কিছু করেন না কেন? এমন প্রশ্নে তমা নিরব থাকে।
মঙ্গলবার সকাল ১০টায় এই প্রতিবেদকের সাথে শহরের পৌর মার্কেটে দেখা    হয় তমা’র। তখন তার মাথায় সারি সারি ঠুঙ্গার বোঝা ছিল। পৌর শহর পশ্চিমবাজার এলাকার বাসিন্দা তমার পরিবার। শহরে ঘুরে ঘুরে তমা প্রতিদিন ১শত ৫০ টাকা থেকে ২ শত ৫০ টাকা পর্যন্ত  ঠুঙ্গা বিক্রি করে । এই টাকা দিয়ে সংসার ও অন্যান্য খরচ মেটানো হয় বলে জানায় সে। তমা আরও জানায়, সে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণীতে পড়ে। প্রতিদিন দুপুর ২টা পর্যন্ত ঠুঙ্গা বিক্রি করে বিদ্যালয়ে যায়। তারা চার বোন। সবাই স্কুলে লেখাপড়া করে। পপি ৭ম শ্রেণী, তপু ৬ষ্ঠ, ক্ষমা ১ম শ্রেণীতে পড়ে।