মো. আশিক পীর
সুনামগঞ্জের সদর উপজেলার নারায়ণতলা সীমান্ত এলাকায় নতুন করে ডলুরা শুল্কস্টেশন চালু’র উদ্যোগ নেওয়া হয়েছে। শীঘ্রই এই নতুন শুল্কস্টেশনটি চালু হবে বলে দু’দেশের ব্যবসায়ীদের মতবিনিময় সভায় জানানো হয়। এ বিষয়ে ডলুরা এলাকায় শুক্রবার বাংলাদেশ-ভারতের ব্যবসায়ীরা মতবিনিময় করেছেন। সভায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান উপস্থিত ছিলেন।
সকাল ১১ টায় দুই দেশের ব্যবসায়ীরা ডলুরা এলাকা পরিদর্শন শেষে মতবিনিমিয় সভা করেন।
সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক বেলাল উদ্দিন, বর্ডার গার্ড বাংলাদেশের ২৮ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল, ভারতের ব্যবসায়ী প্রতিনিধি মহেশ কুমার জালান, বিপি সুরেকা, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকছুদ আলী প্রমুখ।
এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান বলেন,‘বাংলাদেশ ভারত বন্ধুপ্রতীম ঘনিষ্ট দেশ। শীঘ্রই ভারতীয় কাস্টমস’এর একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। বিজিবি’র ডিজি মহোদয়ের আমন্ত্রণে বিএসএফ’র একটি প্রতিনিধি দল আসবে। সব কিছুরই লক্ষ্য হচ্ছে দুই দেশের ঘনিষ্ট সম্পর্ক কীভাবে উন্নত থেকে উন্নততর করা যায়। একই সঙ্গে সম্ভাবনাকে কাজে লাগানো যায়। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে সীমান্ত বাণিজ্য কীভাবে সম্প্রসারিত করা যায় সে বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য। এখানকার ডলুরা’র অবস্থা, প্রতিবেশী দেশের সঙ্গে তাঁর যোগাযোগের ক্ষেত্র সবকিছু মিলিয়ে দেখলাম অবস্থান খুবই ইতিবাচক। ঐতিহ্যগতভাবে এখানে সব সময় সম্ভাবনা ছিল। এখন একটি নতুন মাত্রা নিয়েছে দুই দেশের ঘনিষ্ট সম্পর্কের ফলে। দুই দেশের ব্যবসায়ীরা যেমন সুনামগঞ্জ চেম্বার এবং পার্শ্ববর্তী দেশের ব্যবসায়ীরা এক সঙ্গে কাজ করছেন। এই অবস্থা দেখে আমরা যারা ঢাকা থেকে এসেছি তারা সকলেই একমত এই এলাকায় উপযুক্ত অবকাঠামো নির্মাণ করা গেলে এবং দুই দেশের মধ্যে যদি ঐক্যমত হয় শুল্কবন্দরকে সক্রিয় করার, তাহলে স্থলবন্দর কর্তৃপক্ষ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করবে। সরেজমিনে এসে দেখলাম চলতি নদীর নব্যতা হ্রাস পেয়েছে। এই নদীর নব্যতার বিষয়ে স্থানীয়দের পরামর্শ হচ্ছে এটাকে ড্রেজিং করে সারা বছর নাব্য রাখা গেলে কম খরচে পণ্য সরবরাহ করা যাবে। আমরা ইতিবাচক মনোভাব নিয়ে ফিরে যাব। জাতীয় পর্যায়ে কথা বলবো। ভারতীয় প্রতিনিধি দলের আসন্ন সফলকালে বিষয়টি উত্থাপিত হবে। যত তাড়াতাড়ি এটি সক্রিয় করা যায় সেই বিষয়ে আমরা কাজ করবো। এখানে আসার সময় সড়কের অবস্থা ভাল দেখিনি, সড়ক উন্নয়ন করতে হবে। হালুয়ারঘাট দিয়ে সেতু হলে এই এলাকার সম্পদকে পরিপূর্ণভাবে কাজে লাগানো যাবে।’ তিনি জানান, এখানে একটি বর্ডারহাট বসে। এটার মেয়াদ বাড়ানো এবং হাল নাগাদ করার জন্য সংশ্লিষ্টরা কাজ করছেন।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান আরো বলেন,‘সুনামগঞ্জ সব সময় সম্ভবনাময় ছিল। এ জেলা প্রাকৃতিক সম্পদ এবং ব্যবসা-বাণিজ্যের জন্য অনেক সম্ভাবনাময়। ডলুরায় শুল্ক ষ্টেশন স্থাপন হলে সুনামগঞ্জের অনেক অর্থনৈতিক উন্নতি ঘটবে। ডলুরা শুল্ক ষ্টেশন জাতীয় অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখবে। এখানে শুল্ক ষ্টেশন হলে অনেক বেকার যুবকের কর্মসংস্থান হবে। ভারতের শিলংসহ বিভিন্ন স্থানের দূরত্ব এই দিকে অনেক কম। সে জন্য দুই দেশের ব্যবসায়ীরাই অনেক লাভবান হবেন। ভারতের পররাষ্ট সচিবের বাংলাদেশে আসার কথা রয়েছে। তিনি আসলে তার সাথে আমরা এই বিষয়ে কথা বলব, এই শুল্ক ষ্টেশনটি দ্রুত কীভাবে চালু করা যায়।’
মতনিনিময় সভার পূর্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ভারতীয় সীমান্তবর্তী ডলুরা শুল্ক ষ্টেশনের জমি পরিদর্শন করেন এবং মুক্তিযোদ্ধা শহীদদের গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ।
প্রসঙ্গত. সুনামগঞ্জের ডলুরায় ১৯৯৯ সালে একবার পরীক্ষামূলকভাবে এক বছরের জন্য শুল্কবন্দর চালু করতে দুই দেশের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হলেও সীমান্তের ওপারের আড়াই কিলোমিটার সড়ক নির্মিত না হওয়ায় আমদানী রপ্তানী করা হয়নি। এর মধ্যেই (২০০৮ সালে) সীমান্তের ওপারের সড়ক নির্মাণ এবং এপারে নৌ ও সড়ক পথের সুবিধা হয়েছে। এখানে শুল্ক স্টেশন চালুর জন্য সুনামগঞ্জ চেম্বার অব কমার্স দীর্ঘদিন ধরে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের কাছে দাবি জানিয়ে আসছে। ২০১৫ সালের ২৯ নভেম্বর ভারতের মেঘালয়ের একটি শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদল ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সাথে যৌথভাবে ডলুরা শুল্ক স্টেশন পরিদর্শন করেন। এর আগে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি এবং গত ১২ ডিসেম্বর কাস্টমস ও ইমিগ্রেশন পয়েন্ট স্থাপনের সম্ভাব্যতা উল্লেখ করে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিবের কাছে আধাসরকারিপত্র দিয়েছেন, সুনামগঞ্জের ডলুরায় শুল্ক স্টেশন স্থাপনের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে আধাসরকারিপত্র দিয়েছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ্ও শুল্কস্টেশন চালুর জন্য আধা সরকারী পত্র দিয়েছিলেন।’
শিল্পকলা একাডেমীতে রাজস্ব সংলাপ অনুষ্ঠিত
জেলার স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী, জনপ্রতিনিধি মিডিয়া ব্যক্তিত্বসহ সর্বস্তরের স্টেকহোল্ডারগণের সাথে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
রাজস্ব সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান।
এ ছাড়াও বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিছবাহ্, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন চক্রবর্তী, কর নীতি বিভাগের সদস্য পারভেজ ইকবাল, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খায়রুল হুদা চপল।
এ সময় জেলার ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
- সুরঞ্জিত সেন গুপ্তের স্মৃতিচারণ করেই সময় কাটালেন সতীর্থরা
- চা-শ্রমিক নেতা রামপ্রসাদ হাজরার মৃত্যুতে শোক প্রকাশ


