ডলুরা শুল্কস্টেশন ও ইমিগ্রেশন পয়েন্ট হোক অগ্রগতির সড়ক

আন্তরাষ্ট্রীয় বাণিজ্য সম্প্রসারণ ঘটলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ে। বিভিন্ন সেক্টরে বাংলাদেশ অভূতপূর্ব উন্নতি সাধন করায় এখন দেশের আন্তরাষ্ট্রীয় বাণিজ্য কেবল আমদানিনির্ভর নয়। বরং ব্যাপকভাবে আমাদের বাণিজ্যিক প্রবণতা রপ্তানিমুখীও বটে। রাষ্ট্রবিশেষের সাথে আমদানি-রপ্তানির ভারসাম্যের ক্ষেত্রে ব্যাপক ঘাটতি রয়েছে এবং আমরা ক্রমাগত এই ঘাটতি কমিয়ে আনতে তৎপর রয়েছি। বিশেষত পাশ্ববর্তী ভারতের সাথে এই ঘাটতি অনেক বেশি। ভারত থেকে যে পরিমাণ আমদানি বাণিজ্য হয়ে থাকে সেই তুলনায় রপ্তানির পরিমাণ একেবারেই নগন্য। অথচ আমাদের প্রত্যাশা হলো ভারতের বাজারে অবাধ প্রবেশাধিকার নিশ্চিতকরণের মধ্য দিয়ে এই ঘাটতি কমিয়ে আনা। এই লক্ষ্যপূরণে সুনামগঞ্জ ডলুরা শুল্কবন্দর স্থাপনের বিষয়টি খুবই ইতিবাচক হবে। ভারত-বাংলাদেশ উভয় রাষ্ট্রের স্বার্থ সংরক্ষণে সমভূমিকা পালন করবে এই শুল্কস্টেশনটি। ভারত থেকে কয়লা, চুনাপাথর এমনসব খনিজ দ্রব্য আমদানি যেমন এই পথে সহজতর হবে তেমনি বাংলাদেশের প্লাস্টিক, সিরামিকসসহ নানা পণ্যের রপ্তানিও সুবিধাজনক হবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যসমূহে। শুক্রবার জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো: নজিবুর রহমান প্রস্তাবিত ডলুরা শুল্কস্টেশন এলাকা পরিদের্শন করে উভয় দেশের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করে অনুকূল ও ইতিবাচক সম্ভাব্যতা দেখতে পেয়েছেন বলে মন্তব্য করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন ডলুরা শুল্কস্টেশন স্থাপনের কাজ শীঘ্রই শেষ করা সম্ভব হবে। সুনামগঞ্জ ও ভারতের মেঘালয় রাজ্যের ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিলো এই শুল্কস্টেশন স্থাপনের।
শুল্কস্টেশন স্থাপনের পাশাপাশি আরেকটি দাবি ছিল। সেটি হলো ডলুরা দিয়ে ভারতে প্রবেশের ট্রানজিট পয়েন্ট ঘোষণা। যারা শিলং ও মেঘালয় রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্যম-িত এলাকা ভ্রমণ করে থাকেন তাদের এবং অবশ্যই ব্যবসায়ীদের অন্যতম দাবি এটি। এখন তামাবিল কিংবা অন্য ইমিগ্রেশন পয়েন্ট দিয়ে যারা শিলং ভ্রমণ করেন তাদের সময় ও অর্থের প্রচুর অপব্যয় ঘটে যা ডলুরা দিয়ে ঢুকতে পারলে বহুলাংশে হ্রাস পাবে। ডলুরায় শুল্কবন্দর স্থাপনের পাশাপাশি ইমিগ্রেশন পয়েন্ট করলে উভয় দেশে উভয় দেশের পরিব্রাজকের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে যেত বলে অভিমত অভিজ্ঞ মহলের। এ বিষয়ে সরকারের উচ্চমহলে দাবি-দাওয়াও পেশ করা হয়েছে। আপাতত এ নিয়ে কোন আলোচনা না থাকলেও আমরা আশাবাদী যে শুল্কস্টেশন ঘোষণার সময় ইমিগ্রেশনের বিষয়টিও উভয় দেশের নীতিনির্ধারকদের চিন্তার মধ্যে সক্রিয় থাকবে।
ভারত হচ্ছে বাংলাদেশের নিকট প্রতিবেশী এবং প্রায় ১৫০ কোটি মানুষের বিশাল বাজার। ভারতের এই বিশাল বাজারে প্রবেশের সুবর্ণ সুযোগ রয়েছে বাংলাদেশের। এজন্য দুই রাষ্ট্রের মধ্যে সদ্ভাব ও আস্থার পরিবেশ থাকা অন্যতম পূর্বশর্ত। বাংলাদেশের রাজনীতিতে তথাকথিত ভারত জুজুর যে উপাদানটি রয়েছে তা বর্তমানে অনেকটা নিষ্ক্রিয় থাকলেও সময় সুযোগ মতো কেউ কেউ এখনও এর ব্যবহার করে থাকেন। এই প্রবণতা আমাদের জন্য ক্ষতিকারক। জাতীয় স্বার্থে সকলের এই জায়গায় ঐকমত্যে থাকা দরকার। মনে রাখতে হবে জাতীয় স্বার্থ বলতে এখন ব্যাপকভাবে অর্থনৈতিক স্বার্থকেই বুঝানো হয়ে থাকে। ভারতের মতো বিশাল বাজার সম্ভাবনাকে কাজে লাগাতে না পারাটা হবে কূপম-ুকতার লক্ষণ। আশার কথা হলো দেশের সরকার ও ব্যবসায়ীসহ প্রধান ধারার রাজনৈতিক দলগুলো এখন এই ধরনের হীনমন্যতা থেকে বেরিয়ে এসেছেন। ভারতের সাথে অতীতের যেকোন সময়ের চাইতে এখন বন্ধুত্বপূর্ণ ও আস্থাশীল পরিবেশ বিদ্যমান। এই জায়গাটিকে ধরে রাখতে হবে। ডলুরা শুল্কস্টেশন ও ইমিগ্রেশন পয়েন্ট সেই ধারায় ব্যাপক অবদান রাখুক এই আমাদের কামনা।