জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে ডাক্তার ও নার্সদের অবহেলার দেড় বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনাটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটেছে।
জানা যায়, জগন্নাথপুর পৌরসভার হবিবপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা তাজুবির রহমানের শিশুকন্যা তানজিনা বেগম নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে পড়লে শিশুটির মা শিবলীনা বেগম শিশুকন্যাকে নিয়ে বিকেল তিনটার দিকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ভর্তি হওয়ার পর বারবার কর্মরত চিকিৎসক শায়খুল আহমদ ও নার্স বদরুন্নেছা ও তোফাজ্জুল হোসেনের সঙ্গে যোগাযোগ করেও তাদের কোন
সাড়া মিলেনি। প্রায় ৪ ঘন্টা পর শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনরা কমপ্লেক্সে প্রাঙ্গণে বিক্ষোভ করে।
শিশুটির মা শিবলীনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ডাক্তার ও নার্সের অবহেলার কারণে আমার দেড় বছরের মেয়েটি মারা গেছে। মেয়েটি নিমোনিয়ায় আক্রান্ত হয়ে পড়লে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সে যখন যন্ত্রণায় ছটফট করতে থাকে তখন আমরা কর্মরত ডাক্তার ও নার্সদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও তারা আসেননি।
জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্স বদরুনেছা বলেন, আমি তখন কমপ্লেক্সে ছিলাম না। বাসায় ছিলাম। আর তোফাজ্জল হোসেন জানান, তিনি দায়িত্বরত চিকিৎসককে জানিয়েছেন।
কর্মরত চিকিৎসক শায়খুল আহমদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, নার্স আমাকে বিষয়টি জানালে আমি গিয়ে দেখি শিশুটি মারা গেছে। এর পূর্ব ভর্তির সময় শিশুটিকে নিউমোনিয়ার রোগের চিকিৎসা দেয়া হয়েছে।


