স্টাফ রিপোর্টার
ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল কাশেম মো. শিরিন। মঙ্গলবার তিনি কাজে যোগ দিয়েছেন। এর আগে তিনি একই ব্যাংকে প্রায় ৮ বছর উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
ইতোপূর্বে তিনি একই ব্যাংকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট/সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ইনফরমেশন টেক্নোলজি ডিভিশনের প্রধান হিসেবে আরও ৬ বছর দায়িত্ব পালন করেছেন। ডাচ্-বাংলা ব্যাংকে যোগদানের পূর্বে তিনি বেসিক ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ও আইটি বিভাগের প্রধান ছিলেন।
আবুল কাশেম মো. শিরিন ১৯৬১ সালে সুনামগঞ্জ শহরের অদূরে ধারারগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সুনামগঞ্জ জুবিলি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৬ সালে প্রথম বিভাগে এসএসসি, ১৯৭৮ সালে সিলেট এম.সি. কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৮৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি প্রকৌশল পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। ঐ বছর থেকে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সাইন্টিফিক অফিসার ও পার্ট টাইম লেকচারার হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৩ সালের ১ জানুয়ারি ডাচ্ বাংলা ব্যাংকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন তিনি।


