ডিপজলকে দেখতে জনতার ভিড়

এম.এ রাজ্জাক, তাহিরপুর
ঢাকাই চলচিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে এক নজর দেখতে তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চবিদ্যালয় মাঠে উৎসুক জনতার ভিড় জমে উঠে। ভিড় সামলাতে হিমসিম পোহাতে হয় তাহিরপুর থানা পুলিশকে।
রবিবার দুপুরে ঢাকা থেকে আর.আর এভিয়েশনের একটি হেলিকপ্টার
দিয়ে তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এসে নামেন বাংলা চলচিত্রের অন্যতম ভিলেন মনোয়ার হোসেন ডিপজল। এ সংবাদ ছড়িয়ে পড়লে ডিপজলকে একনজর দেখার জন্য তাহিরপুর ও পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার হাজার হাজার নারী, পুরুষ, শিশু, যুবক, যুবতী, আবাল বৃদ্ধ বনিতার ঢল নামে বাদাঘাট হাই স্কুল মাঠে।
এসময় তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উৎসুক জনতার ভিড় সামলাতে তৎপর ছিলেন। পরে ডিপজল উৎসুক জনতার উদ্দেশ্যে তাৎক্ষণিক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মনোয়ার হোসেন ডিপজল তাহিরপুর উপজেলার বড়দল (উ.) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেমের আমন্ত্রণে তার গ্রামের বাড়ি বারহালে আসেন। আজ সোমবার তিনি তাহিরপুর উপজেলার টাঙ্গুয়া হাওর, শিমুল বাগান, বারেক টিলা, শহীদ সিরাজ লেকসহ দর্শনীয় স্পটগুলো ঘুরে দেখবেন বলে জানা গেছে।