ডিসেম্বরে নির্দলীয় জেলা পরিষদ নির্বাচন

সু.খবর ডেস্ক
পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয়ভাবে হলেও জেলা পরিষদ নির্বাচন হবে নির্দলীয়ভাবে। ডিসেম্বরের শেষভাগে ভোট আয়োজনের লক্ষ্যে নির্বাচনবিধি ও আচরণবিধির খসড়া এবং ভোটার তালিকা তৈরির কাজ প্রায় চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সংশোধিত অধ্যাদেশ জারির পরই জেলা পরিষদ নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিতে শুরু করেছে ইসি। যে কোনো নাগরিক জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে পারলেও ভোট দিতে পারবেন না। আর জনপ্রতিনিধিরা ভোটার হলেও প্রর্থী হতে পারবেন না। স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের প্রায় ৬৭ হাজার নির্বাচিত জনপ্রতিনিধি এই নির্বাচনে ভোট দেবেন। আইন অনুযায়ী প্রতিটি জেলায় চেয়ারম্যান, ১৫ জন সাধারণ ও ৫ জন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হবেন।
ইসির উপসচিব ফরহাদ আহম্মদ খান গণমাধ্যমকে বলেন, জেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে। বিধি সংশোধনের কাজ করা হচ্ছে। আশা করছি অল্প কয়েক দিনের মধ্যেই তা আইন মন্ত্রণালয়ে পাঠানো যাবে। গেজেট প্রকাশ করা হবে ভেটিং শেষে। ইসি কর্মকর্তারা জানান, বিধিমালার গেজেট, সীমানা নির্ধারণ, ভোটার তালিকা প্রণয়ন করে ডিসেম্বরের শেষ নাগাদ এ নির্বাচন করার পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে নভেম্বরে তফসিল ঘোষণা করতে হবে।
১৯৮৮ সালে এইচএম এরশাদের নেতৃত্বাধীন সরকারের প্রণীত স্থানীয় সরকার (জেলা পরিষদ) আইনে জেলা পরিষদের চেয়ারম্যানকে সরকার কর্তৃক নিয়োগ দেওয়ার বিধান ছিল। পরে আইনটি অকার্যকর হয়ে পড়ে। ২০০০ সালে তৎকালীন  আওয়ামী লীগ সরকার নির্বাচিত জেলা পরিষদ গঠনের জন্য নতুন আইন করে। এরপর বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে এ নিয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পাঁচ বছর মেয়াদি জেলা পরিষদগুলোতে বর্তমানে অনির্বাচিত প্রশাসক দায়িত্ব পালন করছেন। ২০১১ সালের ১৫ ডিসেম্বর ৬১ জেলায় আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। বিদ্যমান পরিস্থিতিতে গত ২৮ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে ‘জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সংসদ অধিবেশন চলমান না থাকায় ‘জরুরি বিবেচনায়’ গত ৫ সেপ্টেম্বর এ সংশোধন অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে। এতে বলা হয়, প্রত্যেক জেলার অন্তর্ভুক্ত সিটি করপোরেশনের (যদি থাকে) মেয়র ও কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং ইউপির চেয়ারম্যান ও সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এ নির্বাচনে ভোটার হবেন। তাদের ভোটেই জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য নির্বাচিত হবেন। জেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধিরাই ভোট দিতে পারবেন। এ হিসেবে স্থানীয় সরকারের ৪টি প্রতিষ্ঠানের প্রায় ৬৭ হাজার নির্বাচিত প্রতিনিধি এই নির্বাচনে ভোট দেবেন। এর মধ্যে সবচেয়ে বেশি ভোটার ইউনিয়ন পরিষদে। দেশে বর্তমানে ইউনিয়ন পরিষদের সংখ্যা সাড়ে ৪ হাজার। প্রতিটি ইউনিয়ন পরিষদে গড়ে ১৩ জন করে প্রায় ৬০ হাজারের মতো নির্বাচিত প্রতিনিধি রয়েছেন। ৪৮৮টি উপজেলা পরিষদে প্রায় দেড় হাজার, ৩২০টি পৌরসভায় সাড়ে ৫ হাজার এবং ১১টি সিটি করপোরেশনে প্রায় সাড়ে ৫০০ নির্বাচিত প্রতিনিধি রয়েছেন।
ইসি কর্মকর্তারা জানান, এ পর্যন্ত ১৯৮৯ সালে তিন পার্বত্য জেলায় একবারই সরাসরি নির্বাচন হয়েছিল। আর কোনো জেলা পরিষদ নির্বাচন হয়নি। সংসদ, সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হলেও আইনে জেলা পরিষদে প্রত্যক্ষ ভোটের বিধান নেই। জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন পরোক্ষ ভোটে। অর্থাৎ জেলায় অন্তর্ভুক্ত সিটি করপোরেশন (যদি থাকে), উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন। বাংলাদেশের ভোটার ২৫ বছর বয়সের যে কোনো নাগরিক জেলা পরিষদ নির্বাচনের প্রার্থী হতে পারলেও ভোট দিতে পারবেন না। আর জনপ্রতিনিধিরা ভোটার হলেও প্রার্থী হতে পারবেন না।
গত নভেম্বরে দলীয়ভাবে স্থানীয় সরকারের সব স্থরে ভোটের জন্য বিল উপস্থাপন করা হলেও পরে জেলা পরিষদের বিলটি প্রত্যাহার করে নেওয়া হয়।