ডেইলি স্টার সম্মাননা পেলেন সু.খবর সম্পাদক পঙ্কজ দে

স্টাফ রিপোর্টার
সততার সঙ্গে সাহসী সাংবাদিকতার জন্য দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাদক ও প্রকাশক পঙ্কজ কান্তি দে কে সম্মাননা জানিয়েছে ইংরেজি পত্রিকা ডেইলি স্টার। ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে দৈনিক প্রথমআলো সম্পাদক মতিউর রহমান দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাদক ও প্রকাশক পঙ্কজ কান্তি দে’র হাতে সম্মাননা তুলে দেন। এছাড়াও দেশের বিভিন্ন জেলার আরো ২৪ জন দৈনিক পত্রিকা সম্পাদককে সম্মাননা প্রদান করা হয়।   
চট্টগ্রামের দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, বগুড়ার দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, হিল বিডি ২৪ ডটকমের সম্পাদক দিশারি চাকমা, দৈনিক কুড়িগ্রামের খবর-এর সম্পাদক এস এম সেনলাল বকশী, রাজশাহীর দৈনিক সোনালী সংবাদ-এর সম্পাদক লিয়াকত আলীসহ ২৩ জন সম্পাদককে সম্মাননা দেওয়া হয়। বুধবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে নিজেদের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে রোকেয়া আফজাল রহমান তাঁদের হাতে ক্রেস্ট তুলে দেন।P_D_2716
অনুষ্ঠানের শুরুতে ট্রান্সকমের চেয়ারম্যান ও মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেডের পরিচালক লতিফুর রহমানের নাতি গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে বাংলাদেশের জন্ম ইতিহাস ও এগিয়ে যাওয়ার নানা দিক নিয়ে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কয়েকজন তরুণকে ‘চেঞ্জ মেকার’ আখ্যা দিয়ে তাঁদেরও সম্মান জানানো হয়। তরুণ এই চেঞ্জ মেকাররা বয়োজ্যেষ্ঠ ‘চেঞ্জ মেকার’ আব্দুস সামাদের হাতে ডেইলি স্টার-এর পক্ষ থেকে ১ লাখ টাকার চেক তুলে দেন।
অনুষ্ঠানে অধ্যাপক রেহমান সোবহান, ড. কামাল হোসেন, হামিদা হোসেন, ট্রান্সকমের চেয়ারম্যান লতিফুর রহমান, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম, জাদুশিল্পী জুয়েল আইচ প্রমুখ উপস্থিত ছিলেন।IMG_3870
এদিকে বৃহস্পতিবার ডেইলি ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় গোলটেবিল আলোচনা। অনুষ্ঠানে সাংবাদিকতার ক্ষেত্রে চ্যালেঞ্জ, এসডিজি অর্জন, বিশেষ করে লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য দূর করা, শিক্ষার উন্নয়ন, শান্তিপূর্ণ সমাজব্যবস্থা, অর্থনৈতিক সমৃদ্ধি ও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ, বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা প্রভৃতি বিষয়ে আলোচনা করেন বিশিষ্টজনেরা। গোলটেবিল বৈঠকেও অংশ গ্রহণ করেন সুনামগঞ্জের খবর সম্পাদক পঙ্কজ দে।