শেখ কবির আহমেদ, মালয়েশিয়
মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের বৈধ করনের সময় সীমা শেষ হচ্ছে আগামী ৩১ জুন। এই সময়ে সক্রিয় হয়ে উঠেছে কিছু প্রতারক চক্র। অবৈধ শ্রমিকদের ‘বৈধ করার প্রলোভন দেখিয়ে তারা হাতিয়ে নিচ্ছে কোটি টাকা। অবশ্য, এরইমধ্যে প্রতারক চক্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে এবং জড়িতদের পাকড়াও করতে কঠোর নির্দেশ দিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।
কুয়ালালামপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ‘ডেডলাইন ৩১জুন’কে সামনে রেখে এখন অবৈধ শ্রমিক ‘বৈধকরণের’ ঘোষণা সম্বলিত নানা রঙ-বেরঙের পোস্টারের ছড়াছড়ি অলিতে-গলিতে। পোর্ট ক্লাং, শাহ আলম,জহুর বারু পেনাং, মালাক্কাও এই ধরনের লোভনীয় পোস্টারের দেখা মিলছে। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ সময় বেধে দিলেও তাদের চোখ ফাঁকি দিয়ে ‘বৈধকরণের’ কথা বলে অর্থ হাতিয়ে নিতে এ প্রচারণা চালাচ্ছে চক্রগুলো। খোঁজ নিয়ে জানা গেছে, রি-হিয়ারিং এর নিবন্ধনে অতিরিক্ত সার্ভিস ফি সহ শ্রমিকদের গুণতে হচ্ছে প্রায় ৪ থেকে ৫শ’ রিঙ্গিত। প্রায় ১৬টি ক্যাটাগরিতে টাকা জমা দিতে হচ্ছে। এদিকে যারা আবেদন করছেন তাদেরকে কোনো গ্যারান্টিও দেয়া হচ্ছে না। যদি কোনো আবেদন নাকচ করা হয় তাহলে সেই টাকাও ফেরত পাবেন না আবেদনকারীরা। কেন পাবেন না এর নির্দিষ্ট কোনো উত্তর মিলছে না। সব মিলিয়ে অনিশ্চিয়তার মধ্যেই নিবন্ধন প্রক্রিয়া চললেও কেউ সাহস পাচ্ছেন না নিবন্ধন করতে। যারা নিবন্ধিত হয়েছেন তারা পুলিশের হাতে ধরা পড়লে তাদের ছেড়ে না দিয়ে জেলে পাঠিয়ে দিচ্ছে। প্রতিদিনই অনেক প্রবাসী ফোন করে অবৈধদের বৈধকরণ প্রক্রিয়া জানতে চান। অথচ এ নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রিকায়। এরপরও প্রবাসীরা নিবন্ধন না করে শুধু খোঁজ নিচ্ছেন ভালো এজেন্ট বা ভালো কোম্পানীর। কিন্তু প্রবাসীরা কোনো হিসেবই মিলাতে পারছেননা।
তবে অনেক প্রবাসী বলছেন, নিজ নিজ কোম্পানির নামে (যে কোম্পানিতে কাজ করেন) নিবন্ধন করে নেওয়া দরকার। এ ব্যাপারে শ্রমিকেরা নিজ নিজ মালিকের সাথে আলোচনা করলেই সবচেয়ে ভাল।
এদিকে মালয়েশিয়া সরকার বারবার বলছেন এটা বিদেশি শ্রমিক নিয়োগদাতা কোম্পানিগুলোর অবৈধ শ্রমিকদের বৈধ করে নেওয়ার জন্য সর্বশেষ সুযোগ। বিদেশি শ্রমিক পুননিবন্ধন প্রকল্পের সময়সীমা ৩১ ডিসেম্বর থেকে কমিয়ে ৩১ জুন নির্ধারণ করা হয়েছে বলে জানান মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী জাহিদ হামিদি।
কোম্পানি মালিকদের আগ্রহ কম হওয়ায় সময় কমিয়ে আনেন বলে জানান তিনি। খবর মালয়েশিয়ান ইংরেজি দৈনিক এনএসটির।
এ দিকে ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, বাংলাদেশসহ ১৫টি সোর্স কান্ট্রিকে একটি গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর ইন্দোনেশিয়া ও মিয়ানমারকে আলাদা করা হয়েছে। মোট ৫টি ব্যক্তি মালিকানাধীন কোম্পানিকে এই দায়িত্ব দেয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশসহ একই গ্রুপের ১৫টি দেশের শ্রমিকদের নিবন্ধন করার জন্য বেসরকারি প্রতিষ্ঠান মাই ইজির নেতৃত্বে পিএমএফ কনসোর্টিয়াম করা হয়েছে ৩টি কোম্পানিকে। এছাড়া ইন্দোনেশীয়দের নিবন্ধন করার জন্য ইমান নামে একটি কোম্পানি কাজ করছে। অপরদিকে মিয়ানমারের নাগরিকদের জন্য বুকিত ইন্দাহ নামে একটি কোম্পানিকে দায়িত্ব দেয়া হয়েছে। এদিকে নিবন্ধনে অস্বচ্ছতার অভিযোগ ওঠায় ইমিগ্রেশন ও (কেডিএন) বিভাগ যৌথ উদ্যোগে অতি শিগগিরই নিবন্ধনের কাজ শুরু করবে বলে একাধিক সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট সচেতন মহল বলছেন, দেশটিতে থাকা অবৈধ শ্রমিকদের ‘দুর্বলতা’ কাজে লাগিয়ে অর্থ হাতাতে গজিয়ে উঠেছে বিভিন্ন এজেন্ট বা চক্র। এসব চক্র যেমন অবৈধ শ্রমিকদের বৈধ করার কথা বলছে, তেমনি মেয়াদ শেষ হতে যাওয়া শ্রমিকদের মেয়াদ বাড়ানোর জন্য টাকা জমা দেওয়ারও কথা বলছে। পোস্টার-লিফলেট ছাপিয়ে, ফেসবুকে প্রচারণা চালিয়ে প্রতারকরা রমরমা বাণিজ্য করছে এখন।


