ঢাকায় তাহিরপুরের নারী জঙ্গি গ্রেফতারে এলাকায় তোলপাড়

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরের এক নারী জঙ্গি রাজধানী ঢাকায় র‌্যাবের হাতে গ্রেফতার হওয়ার খবরে পুরো উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। গ্রেফতারকৃত নারী জঙ্গির নাম সুলতানা বেগম ওরফে কচি (২৫)। তিনি তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের (অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক) হাজি আবু বক্কর সিদ্দিকের ছেলে গ্রাম্য পশু চিকিসক আবুল কাসেমের স্ত্রী।
খোঁজ নিয়ে জানা যায়, নারী জঙ্গি সুলতানা বেগম ওরফে কচি স্বামীর সুত্রে গ্রামের বাড়ি কামড়াবন্দ হলেও তার পৈতৃক বাড়ি বরিশাল জেলায় এবং পিতার কর্মস্থল নরসিংদী জেলায় হওয়ায় সেখানেই তাদের বিয়ে সম্পন্ন হয়।
তার শ্বশুর বাড়ির লোকজন জানায়, তাহিপুরের শশুড় বাড়ির লোকজনের সাথে ওই নারী ও তার স্বামীর প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
র‌্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, গত আগষ্ট মাসের কোন এক সময় নারী জঙ্গি সুলতানা বেগম ওরফে কচি র‌্যাব-১০ এর হাতে গ্রেফতার হয়। তার বিরুদ্ধে রাজধানীর মিরপুর মডেল থানায় গত ১৬ আগষ্ট র‌্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলা নং ২৮। র‌্যাব -১০ থেকে সোমবার রাতে প্রেরিত তাহিরপুর থানায় এক বার্তায় গ্রেফতারকৃত নারী জঙ্গির দেয়া ঠিকানা অনুযায়ী তার স্বামীর গ্রামের বাড়ি তাহিরপুরের কামড়াবন্দ হওয়ায় পুলিশ রাতেই ওই নারীর দেয়া তথ্যের প্রাথমিক সত্যতা খুঁজে পেয়েছে।
সিলেট জেলা পুলিশের দায়িত্বশীল একটি সূত্রে জানা যায়, তাহিরপুরের সিদ্দিক মাস্টারের ছেলে আবুল কাশেম (জঙ্গী নারীর স্বামী)  সিলেট কৃষিবিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সময় ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িয়ে পড়ে। এরপর বিশ্ববিদ্যালয়ের   ভেটেরেনারি শিক্ষার পাট চুকিয়ে রাজধানী ঢাকার উত্তরায় শ্রেষ্ঠ ফিড লিমিটেড নামের একটি কোম্পানিতে ভেটেরেনারি ডাক্তার হিসাবে আবুল কাসেম এক্সিকিউটিভ টেকনিক্যাল এন্ড কাষ্টমার সাভির্সে যোগদান করে বেশ কিছু দিন বরিশালে দায়িত্ব পালন করে।
ডা. আবুল কাসেমের বড় ভাই বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, কাসেম পরিবারের অসম্মতিতে নরসিংদীতে বিয়ে করেছে। বিয়ের পর গত আগষ্ট মাসে আমার পিতা হজ্বে যাওয়ার সময় স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে একবারই এসেছিলো।’ তিনি আরো বলেন, কাসেম ও তার স্ত্রীর সাথে তাদের পরিবারের কারোরেই দীর্ঘদিন ধরে কোন ধরনের যোগাযোগ নেই।’
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর জানান, র‌্যাবের হাতে গ্রেফতারকৃত নারী জঙ্গির গ্রামের বাড়ি স্বামীর সুত্রে তাহিরপুরের কামড়াবন্দ হলেও ওই নারীর পৈতৃক বাড়ি বরিশালের কোন এক উপজেলায় এবং তার পিতার কর্মস্থল নরসিংদী বলে প্রাথমিক সূত্রে জানা গেছে।’