স্টাফ রিপোর্টার
প্রয়াত রাজনীতিবিদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সুরঞ্জিত সেন গুপ্ত মৃত্যুবার্ষিকী পালন পরিষদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে শনিবার এই স্মরণসভা হয়।
আওয়ামী লীগ নেতা মুরাদ হাসানের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুহিবুর রহমান মানিক এমপি।
বক্তারা বলেন, ষাটের দশকের উত্তাল রাজনীতি থেকে উঠে আসা প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেন গুপ্ত বর্ণাঢ্য রাজনীতিক ছিলেন। দীর্ঘ ৫৯ বছর রাজনীতি করেছেন দাপটের সঙ্গে।
একাত্তরের মুক্তিযুদ্ধে ৫ নং সেক্টরের অধীন টেকেরঘাট সাব সেক্টরে প্রথম সাবসেক্টর কমান্ডার এবং পরে সংগঠক, ১৯৭২ সালে সাংবিধানিক সংসদ সদস্য, দিরাই-শাল্লা থেকে পরপর সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
তিনি ভাটির মানুষের প্রিয় নেতা ছিলেন, বঙ্গবন্ধুও স্নেহ করতেন উপমহাদেশের প্রখ্যাত এই পার্লামেন্টালিয়ানকে।
উল্লেখ্য, ২০১৭ সালের চার ফেব্রুয়ারি সুরঞ্জিত সেনগুপ্ত রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


