তনু হত্যার বিচারের দাবিতে মানবন্ধন

স্টাফ রিপোর্টার
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার প্রতিবাদে শহরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নাট্য সংগঠন সুনামগঞ্জ প্রসেনিয়ামের উদ্যোগে বুধবার বিকালে শহরের আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) তনুর হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানবন্ধন কর্মসূচিতে শহরের নানা শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করে   
একাত্মতা পোষণ করেন।
সুনামগঞ্জ প্রসেনিয়ামের সভাপতি হৃদয় খানের পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, অ্যাড. কল্লোল তালুকদার চপল, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নাট্যকর্মী অনীশ তালুকদার বাপ্পু, নারী নেত্রী শিফা বেগম, নাট্যকর্মী সাদেকুনর রহমান সনি, শাওন দাশ, আলাউর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘তনু হত্যাকাণ্ডে মানবতা পদতলে পিষ্ট হয়েছে। তনুকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করেছে তাদেরকে খোঁজে বের করে কঠির শাস্তির মুখোমুখি করতে হবে। যাতে এমন ঘটনা আর না ঘটে। নারী নির্যাতন বন্ধে সোচ্চার হতে হবে।’
উল্লেখ্য, গত সোমবার সকালে কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর (২০) লাশ উদ্ধার করে পুলিশ। আগের দিন সন্ধ্যায় টিউশনি করতে যাবার পর বাসায় ফেরেননি তিনি। খোঁজাখুঁজির পর সেনানিবাস এলাকায় তার রক্তাক্ত-বিবস্ত্র মৃতদেহ পাওয়া যায়।