প্রসেনজিৎ দে
আগামীর জাতীয় ও আন্তর্জাতিক মহিলা তবলাবাদিকার নামের সাথে সুনামগঞ্জের নামটি উচ্চারিত হবে এটা নিশ্চিত। গত বৃহস্পতিবার রাত ১০.৩০ ঘটিকায় কেন্দ্রীয় কালীবাড়ী নাট মন্দির প্রাঙ্গণে লোকনাথ বাবার ১২৬তম তিরোধান উৎসবে সাত বৎসরের শিশু বালিকা শ্রেষ্ঠা প্রিয়দশিনী তবলার লহরায় আমাদের মোহিত করে রাখল । শ্রেষ্ঠা প্রিয়দর্শিনী , আমাদের সুনামগঞ্জের উকিলপাড়াস্ত প্রাচীন সুপরিচিত লম্বা বাসা, যে বাসাটি সংগীতের সুতিকাগার নামে পরিচিত সেই বাসার ক্রমিক বংশধর। সুকুমার চৌধুরী শংকরদার মেয়ে প্রখ্যাত নজরুল সংগীত শিল্পী অনিন্দিতা চৌধুরী সিমির কন্যা শ্রেষ্ঠা। অন্যদিকে একুশে পদকপ্রাপ্ত পন্ডিত রামকানাই দাশের পুত্র বিশিষ্ট তবলাবাদক পিনুসেন দাশের কন্যা। তক্ষশীলা বিদ্যালয়ের ৩য় শ্রেণীতে অধ্যয়নরত শ্রেষ্ঠা ঢাকার ধানমন্ডি শংকর এলাকায় তার মা-বাবার সাথে থাকে। তবলায় হাতেখড়ি তার বাবা পিনুসেন দাশের নিকট। বর্তমানে কলকাতার পন্ডিত বিপ্লব ভট্টাচার্য্যরে নিকট শিক্ষারত। কিছুদিন হয় সে বেঙ্গল ফাউন্ডেশনের স্কলারশীপ
পেয়েছে। পন্ডিত সুরেশ তালওয়ালকর বেঙ্গল ফাউন্ডেশনের শিক্ষার্থীদের শিক্ষা দেবেন। শ্রেষ্ঠা ভালো গান গাইতে পারে। তার দাদু পন্ডিত রামকানাই দাশের নিকট কিছুদিন সংগীতে শিক্ষা নিয়েছে। এখন মা অনিন্দিতা চৌধুরীর কাছে গান শিখে থাকে।
পূর্বেই প্রচার হওয়ার কারণে সন্ধ্যা থেকে লোকে লোকারণ্য ছিল কেন্দ্রীয় কালীবাড়ী নাট মন্দির প্রাঙ্গণ। মন্দিরের গেট ছাড়িয়ে রাস্তা পর্যন্ত ভক্ত শ্রোতার সমাগম ছিল । কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হতে বিলম্ব হওয়ার কারণে ধীরে ধীরে লোকজন কমতে থাকে। রাত বেশী হওয়ায় এবং অপেক্ষার প্রহর গুনতে গুনতে ধৈর্য্য রাখতে না পেরে অনেককেই চলে যান। অতিথি শিল্পীদের পরিবেশনা শেষে না দিয়ে আগে তাদের পরিবেশনা দেওয়াটা কি উচিত ছিল না? আমরা নিশ্চয়ই এমন হই নাই যে, নিমন্ত্রণ করে অতিথিদের এনে তাদের খাবার পূর্বে নিজেরা খেয়ে ফেলি। আমন্ত্রিত অতিথিদের গানের পূর্বে আমাদের স্থানীয় অনেক শিল্পী আমন্ত্রিত অতিথিদের বসিয়ে রেখে গান করলেন, নিজেদের গান শেষ হওয়ার পর আর তাদের দেখতে পাওয়া গেল না, দলীয় গানে অংশ নেওয়া প্রায় বিশ জন শিল্পী তাদের পরিবেশনার পর পর অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। সংগীত সব সময় উদার এবং ন প্রতীক, কিন্তু আমাদের মধ্যে এর বড় অভাব । এক জন শিল্পী যদি অন্য শিল্পীর প্রেরণার উৎস না হয় তবে আর কে হবে? আমাদের মনে হয় আরও অনেক বেশি সহনশীল ও উদার হতে হবে। শত অনুযোগের মধ্যেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি লোকনাথ সেবা সংঘের আয়োজকদের, আগামীতে আরও অনেক সুন্দর অনুষ্ঠান উপভোগ করার সুযোগ করে দেবেন তারা এই আশা রাখি। জয় হোক আমাদের খুদে তবলা বাদিকা শ্রেষ্ঠা প্রিয়দর্শিনীর। আমরা সবাই মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি, সে সংগীতের আকাশে উজ্জ্বল নক্ষত্র হয়ে আলো ছড়াক।্


