তালা ঝুলছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে

শহীদনূর আহমেদ
ডাক্তার ও দায়িত্বশীলরা না থাকায় মাসের পর মাস তালা ঝুলছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে। কিন্তু এসব দেখার  যেন কেউ নেই। যেন পতিত কোন বাড়ি বা পরিত্যক্ত ভবন। দুই তলা বিশিষ্ট তালাবদ্ধ এই স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রটি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ববীরগাঁও ইউনিয়নের বীরগাঁও বাজারে অবস্থিত।
ইউনিয়নের গর্ভবর্তী মা ও শিশু কিশোরীদের একমাত্র চিকিৎসা সেবা কেন্দ্রটি মাসের পর মাস বন্ধ থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ এলাকাবাসীর। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এমন করুণ অবস্থার জন্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের দায়িত্বহীনতা ও জনপ্রতিনিধিদের উদাসীনতাকে দায়ি করছেন স্থানীয় এলাকাবাসী।
ইউনিয়ন পর্যায়ে তৃণমুল স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে কাজ করার কথা থাকলেও সমন্বয় হচ্ছে না বলে জানিয়েছেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজিব মোস্তফা।
গত রবিবার সরেজমিনে এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, র্দীযদিন যাবৎ স্বাস্থ্য পরিবার পকিল্পনা কেন্দ্রের দরজায় তালা ঝুলছে। স্বাস্থ্য পরিবার পকিল্পনা কেন্দ্রে ১
জন এম.বি.বি.এস ডাক্তার, ১ জন সহযোগি মেডিকেল অফিসার, ১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শিকা, ১ জন ফার্মাসিষ্ট, ১জন নৈশ্য প্রহরী থাকার কথা থাকলেও বাস্তবে কেউ নেই।  নৈশ্য প্রহরী ব্যতিত সকল পদ শুন্য।
স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভবর্তী মায়েদের চেক আপ, টিকাদান, ওজন পরিমাপ, প্রসব কালীন সেবা, প্রসব পরবর্তী সেবা প্রদান, পরিবার পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে পরামর্শ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা রয়েছে সরকারি এই প্রতিষ্ঠানে। কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন সময়ে পরামর্শ প্রদান, টিটি টিকা প্রদান, নানা রোগের প্রাথমিক চিকিৎসা প্রদানসহ ৩৩ ধরনের সেবা দেয়ার কথা থাকলেও গত ১ বছর যাবৎ কোন সেবাই পাচ্ছে না গ্রাম এলাকার মানুষ।
কেন্দ্রটিতে কোন দায়িত্বশীল ব্যক্তি না থাকায় ভোগান্তিতে রয়েছে বৃহত্তর ইউনিয়নের গর্ভবতী মা, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীরা। ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণকেন্দ্রটির এমন করুণ অবস্থা থাকায় সাধারণ মানুষের মধ্যে রয়েছে চরম ক্ষোভ।
পূর্ববীরগাঁও ইউনিয়নের বাবনগাঁও গ্রামের বাসিন্দা খালেকুজ্জামান বলেন,‘সপ্তাহের প্রতিদিনই এই হাসপাতালে তালা লাগাইল থাকে। ডাক্তার ত দূরের কথা কম্পাউন্ডারও দেখি না। অনেক দিন ধরে কোন সেবা পায় না এলাকার মানুষ। হুনছি ডাক্তার নাই। সরকার ডাক্তার দেয় না কেনে ?
স্থানীয় ৪,৫,৬ ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য নাজমা বেগম বলেন, ‘গর্ভবতী মা ও শিশু-কিশোর কিশোরীদের সমস্যা বেশি হচ্ছে। ডাক্তার না থাকলেও একজন পরিবার পরিকল্পনা পরিদর্শিকা থাকলে মানুষ ন্যুনতম সেবাটুকু পেত।’
স্থানীয় বর্তমান ইউপি চেয়ারম্যান নূর কালাম বলেন,‘বিগত সময়ে জনপ্রতিনিধিদের উদাসীনতার জন্যে সাধারণ মানুষ বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হয়েছে। আমার মাত্র ২০ দিন হয়েছে। এর মধ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ও স্বাস্থ্য বিভাগ’র উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। আশা করছি কর্তৃপক্ষ ব্যাপারটি গুরুত্বসহকারে নিবেন।’
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজিব মোস্তফা বলেন,‘পরিবার পরিকল্পনা বিভাগের লোকবল সঙ্কট চরম । উপজেলায় আমাদের কোন ডাক্তার নেই। স্বাস্থ্য বিভাগের ৩ জন ডাক্তার আছে। তাদের সাথে কথা হচ্ছে, সপ্তাহে একদিন হলেও পূর্ববীরগাঁওয়ে একজন দেয়ার জন্যে।’
তিনি আরো বলেন,‘পূর্ববীরগাঁও ইউনিয়নের ভিজিটর অনেকদিন হল অবসরে গেছেন। নতুন একজন ট্রেনিংয়ে আছেন। ট্রেনিং শেষে তিনি সেখানে যোগ দিবেন।’