তাহিরপুরেও পারল না আওয়ামীলীগ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
সপ্তম ধাপে তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৭১টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়।
নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত কোন প্রার্থী জয় পাননি। দলের বিদ্রোহী ৪ প্রার্থী এবং স্বতন্ত্রের মোড়কে বিএনপির ৩ নেতা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে উপজেলা বিএনপি’র সহসভাপতি মো. আলী হায়দার (চশমা), শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আলী আহমদ মুরাদ (ঢোল), বড়দল উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মাসুক মিয়া (ঘোড়া), বড়দল দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো. ইউনুছ আলী (মোটরসাইকেল), বাদাঘাট ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. নিজাম উদ্দিন (ঘোড়া), তাহিরপুর সদর ইউনিয়নে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক জুনাব আলী (ঘোড়া) ও বালিজুরি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আজাদ হোসেন (আনারস) নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৪ জন প্রার্থী। এছাড়াও সংরক্ষিত নারী সদস্য পদে ১০০ জন ও সাধারন সদস্য পদে ২৯৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ৭ ইউনিয়নে মোট ভোটার ছিলেন ১ লাখ ৪২ হাজার ৫৮৬ জন। এরমধ্যে পুরুষ ৭২ হাজার ১২৭ জন ও নারী ৭০ হাজার ৪৫৯ জন। নির্বাচনে চারজন রিটার্নিং কর্মকর্তা, ৭১ জন প্রিসাইডিং কর্মকর্তা ও ৮১০ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন।