স্টাফ রিপোর্টার
তাহিরপুরের দাওয়ার বিলে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবে ৩ শিশু সহ ৪ জন নিখোঁজ রয়েছে। বিকাল ৩ টায় বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের শান্তিপুর থেকে তাহিরপুর উপজেলার দক্ষিণকূলে যাওয়ার সময় পথে দাওয়ার বিলে এই ট্রলারডুবির ঘটনা ঘটে। ট্রলারে থাকা ৪০ জন যাত্রী’র মধ্যে ৩৬ জনকে উদ্ধার করা গেলেও ৩ শিশুসহ ৪ জন (বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত) নিখোঁজ রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা পৌঁনে ২ টায় বিশ্বম্ভরপুরের শান্তিপুর থেকে কনেপক্ষ বরপক্ষের বৌ-ভাত অনুষ্ঠানে যাওয়ার জন্য রওয়ানা হয়। ট্রলারে ৪০ জন যাত্রী ছিল। বালিজুরি
ইউনিয়নের লোহাছুড়া গ্রামের পাশে দাওয়ার বিলে যাওয়ার পর ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এসময় ট্রলারে থাকা ৪০ যাত্রী’র মধ্যে ৩৬ জনকে আশপাশের লোকজন এসে উদ্ধার করলেও তাহিরপুরের চিকসা গ্রামের হারুন মিয়া (৫৫), বিশ্বম্ভরপুরের শান্তিপুরের সুনাই মিয়ার মেয়ে ঝুমা (৭), মেহের জামান মিয়ার মেয়ে তানহা (৬) এবং সুনাহর মিয়ার মেয়ে সাজনা আক্তার (৫) কে উদ্ধার করা যায়নি। এ রিপোর্ট লেখা (সন্ধ্যা সাড়ে ৬ টা) পর্যন্ত স্থানীয় লোকজন নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করছেন।
ঘটনাস্থলে থাকা তাহিরপুর থানার সাব ইন্সপেক্টর আমির হোসেন সন্ধ্যা সোয়া ৬ টায় বলেছেন,‘৩ শিশুসহ নিখোঁজ ৪ জনকে স্থানীয় জেলেসহ অন্যদের দিয়ে খুঁজার চেষ্টা করা হচ্ছে।’
রাত ৮.০০ টায় তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর জানান, উদ্ধার অভিযানে অংশ নিতে সিলেট থেকে ডুবুরি দল তাহিরপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।


