তাহিরপুরে অ-মুক্তিযোদ্ধাদের সনদ বাতিলের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ ও অ-মুক্তিযোদ্ধাদের বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দগণ অংশ নেন।
তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধা সন্তান খসরু ওয়াহিদ চৌধুরী’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী রৌজ আলী, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিক, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা নূর মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আলখাস মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, বীর মুক্তিযোদ্ধা মুকসেদ আলী, বীর মুক্তিযোদ্ধা সজাফর, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি খসরু ওয়াহিদ চৌধুরী, সহ সভাপতি হাবিবুর রহমান খেলু মিয়া, এমাদ আহমদ জয় প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৭ জানুয়ারি তাহিরপুর উপজেলার ১০ জন মুক্তিযোদ্ধা স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলার ৭ জন অমুক্তিযোদ্ধার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা মন্ত্রী বরাবর দাখিল করা হয়। অভিযোগটি ৩০ জানুয়ারি তারিখে যাচাই বাছাইয়ের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রী মহোদয় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ প্রদান করেন। ৩০ জানুয়ারি গণমিলনায়তন কেন্দ্রে ইউএনও পদ্মাসন সিংহের সভাপতিত্বে ৫ সদস্য বিশিষ্ট যাচাই বাছাই কমিটি উপস্থিত সকল মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে উপজেলা গণশুনানী অনুষ্ঠিত হয়। অভিযুক্ত ৭জন মুক্তিযোদ্ধার যাচাই বাছাইয়ের সময় প্রকাশ্যে তাদের পক্ষে কোন স্বাক্ষী প্রমাণ পাওয়া যায়নি। বক্তারা অভিযুক্ত ৭জন অ-মুক্তিযোদ্ধাদের সনদ বাতিলসহ ভাতাদি বন্ধের আহবান জানান।
মানববন্ধন শেষে তারা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক বরাবর ও দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ প্রেরণ করা হয়।
অভিযুক্ত ৭ জন মুক্তিযোদ্ধারা হলেন আব্দুল মজিদ (নয়ানগর), তাজুল ইসলাম (পৈলনপুর), আব্দুল কাদির (মানিগাঁও), আব্দুল মন্নান (ব্রাম্মনগাঁও), জলিল খাঁন (বড়ছড়া), মতিউর রহমান (নাগরপুর), আব্দুল মন্নান (পৈন্ডুপ)।